আহমেদাবাদে সিরিজের চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪৮০ রানের জবাবে ভারত ৫৭১ রান তুলে নেয়। অজিরা আজ পঞ্চম ও শেষ দিন দুই উইকেটে ১৭৬ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। তাতে সফরকারীদের লিড দাঁড়ায় ৮৩ রান। দিনের খেলা বাকি ছিল ১৫/১৬ ওভারের মতো। তখন ড্র মেনে নেন দুই দলের অধিনায়ক।

 

মার্নুস লাবুশেন ২১৩ বলে ৬৩ রান ও স্টিভেন স্মিথ ৫৯ বলে ১০ রানে অপরাজিত ছিলেন।

 

এই ড্রয়ের ফলে বর্ডার-গাভাস্কার ট্রফি ধরে রাখল ভারত। সর্বশেষ চারটি বর্ডার-গাভাস্কার ট্রফিই জিতল ভারত।

 

দিল্লি টেস্টে ব্যাটিং ধসের কারণেই ভারতে সিরিজ জয়ের সুযোগ শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার। প্রথম দুই টেস্টে ভারতের স্পিনাররা দাঁড়াতেই দেননি অজিদের।

 

১৮৬ রানের দুরন্ত নক খেলে ম্যাচসেরা বিরাট কোহলি, যিনি টেস্টে সেঞ্চুরি করেছেন ২০১৯ সালের পর। যৌথভাবে সিরিজসেরা হয়েছেন ভারতের স্পিনিং অলরাউন্ডার রবিচন্দ্র অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। ২৫ উইকেট নেয়ার পাশাপাশি ৮৬ রান করেছেন অশ্বিন, জাদেজা ২২ উইকেট নিয়েছেন, রান করেছেন ১৩৫।

 

আজ ড্র করার মধ্য দিয়ে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলা নিশ্চিত করল ভারত। আগামী জুন মাসে ইংল্যান্ডের ওভালে ফাইনালে তারা অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে।

 

এবার ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে লড়াই। শুক্রবার মুম্বাইয়ে প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।

 

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া: ৪৮০ ও ১৭৫/২। ভারত: ৫৭১। ফল: ড্র। ম্যাচসেরা: বিরাট কোহলি (ভারত)। সিরিজ: ভারত ২-১-এ জয়ী। সিরিজসেরা: রবিচন্দ্র অশ্বিন ও রবীন্দ্র জাদেজা (ভারত)।