মুলতান টেস্টে প্রথম ইনিংসে ২৩০ রানে অলআউট হয়ে অস্বস্তিতে ছিল পাকিস্তান। যদিও ওয়েস্ট ইন্ডিজকে ১৩৭ রানে অলআউট করে স্বাগতিক দলে স্বস্তি ফেরান বোলাররা। ৯৩ রানের লিড পাওয়া পাকিস্তান ৩ উইকেটে ১০৯ রান তুলে শনিবার দ্বিতীয় দিন মাঠ ছেড়েছে। দুই ইনিংস মিলে স্বাগতিক দলের লিড দাঁড়িয়েছে ২০২ রানের।

৪ উইকেটে ১৪৩ রান নিয়ে আজ ব্যাটিং করতে নামা পাকিস্তান ২৩০ রানে অলআউট হয়ে যায়। সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের ১৪১ রানের জুটি ভাঙার পরই দ্রুত অলআউট হয়ে যায় স্বাগতিকরা। শাকিল ৮৪ ও রিজওয়ান ৭১ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের জেইডেন সিলস ও জোমেল ওয়ারিক্যান ৩টি করে উইকেট নেন।

এরপর ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের ঘূর্ণি বলের সামনে বিপর্যস্ত অতিথি দলটি। নোমান আলী ৩৯ রানে ৫টি ও সাজিদ খান ৬৫ রানে ৪টি উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১৩৭ রানে অলআউট করে দেন। নোমান আলী সপ্তমবারের মতো নেন ৫ উইকেট।

দ্বিতীয় ইনিংসে ওপেনিং জুটিতে ৬৭ রান তুলে নেয় পাকিস্তান। এরপর জোড়া আঘাত। মুহাম্মদ হুরাইরা (২৯) ও বাবর আজমকে (৫) অল্প সময়ের ব্যবধানে সাজঘরে ফেরান ওয়ারিক্যান। সেখান থেকে শান মাসুদের ব্যাটে ভর এক একশ পেরিয়ে যায় পাকিস্তান। তিনি ৭০ বলে ৫২ রান করে সাজঘরে ফেরেন। কামরান গুলাম ৯ ও শাকিল ২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।