চলমান আইসিসি টি২০ বিশ্বকাপে ওমানের বিপক্ষে বাঁচামরার ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। ওমানের আল আমরাতে আজ মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে সৌম্য সরকারের জায়গায় ওপেনিং ব্যাটসম্যান মোহাম্মদ নাইম শেখকে একাদশে নিয়েছে বাংলাদেশ। আগের ম্যাচের একাদশে এই একটিই পরিবর্তন।


নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৬ রানে হেরে বিপাকে পড়ে গেছে বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজ জয়ের বিকল্প নেই। হারলে বিদায় নেবে মাহমুদউল্লাহর দল।

ওমান তাদের প্রথম ম্যাচে হারিয়েছে পাপুয়া নিউগিনিকে। এদিকে, বাংলাদেশকে হারানো স্কটল্যান্ড আজ পাপুয়া নিউগিনির বিপক্ষেও জয় তুলে নিয়েছে। আগে ব্যাটিং করে ৯ উইকেটে ১৬৫ রান তোলে স্কটিশরা। জবাবে পিএনজি ১৯.৩ ওভারে ১৪৮ রান তুলে অলআউট হয়।