নামই তার এলিমিনেট ম্যাচ। নকআউট। হারলেই বিদায়। এমন ম্যাচেও রোহিত শর্মার মতো ডেঞ্জারম্যানের ক্যাচ দুই-দুবার ছাড়ার মাশুল দিল গুজরাট টাইটানস। শুক্রবার রাতে চণ্ডীগড়ে ৫০ বলে ৮১ রানের ঝলমলে ইনিংস খেলে তিনিই মুম্বাই ইন্ডিয়ানসকে এনে দেন ৫ উইকেটে ২২৮ রানের সৌধ। জবাবে গুজরাট ৬ উইকেটে ২০৮ রান করতে সমর্থ হয়। এই জয়ে দ্বিতীয় কোয়ালিরায়ার ম্যাচে খেলার টিকিট পেল মুম্বাই। রোববার তারা মুখোমুখি হবে পাঞ্জাব কিংসের।

ব্যক্তিগত ৩ রানে প্রসিদ্ধ কৃষ্ণর বলে ও ১২ রানে মোহাম্মদ সিরাজের বলে জীবন পান মুম্বাই ও ভারতীয় জাতীয় দলের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। প্রথমবার দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজি ও দ্বিতীয়বার লংকান উইকেটকিপার কুশল মেন্ডিস তার ক্যাচ ছাড়েন।

জীবন পেয়ে বিস্ফোরক ব্যাটিংয়ে ৯ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৮১ রান করে সেই কৃষ্ণর বলেই আউট হয়েছেন তিনি। ততক্ষণে মুম্বাইয়ের দুইশ ছুঁই ছুঁই। শেষ দিকে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ঝড়ো ব্যাটিংয়ে (৯ বলে ২২*) মুম্বাই তুলে নেয় ২২৮ রান। এর আগে জনি বেয়ারস্টো ২২ বলে ৪৭, সূর্যকুমার যাদব ২০ বলে ৩৩ ও তিলক ভার্মা ১১ বলে ২৫ রান করেন। প্রসিদ্ধ কৃষ্ণ ও সাই কিশোর দুটি করে উইকেট নেন।

এরপর সাই সুদর্শন ৪৯ বলে ৮০ রান করে গুজরাটকে রেসে রাখলেও তীরে এসে তরী ডুবে শুভমান গিলের দলের। ম্যাচসেরা রোহিত শর্মা।