এফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই টুর্নামেন্টে ‘ই’ গ্রুপ থেকে কোন দল সরাসরি উঠবে মূল পর্বে, তার উত্তর মিলবে আজ। সন্ধ্যায় ঢাকার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শক্তিশালী ইয়েমেনের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ দল। এ ম্যাচে যারা জিতবে তারাই উঠবে ২০২৩ সালের এফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে।
শুক্রবার রাতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারায় বাংলাদেশের কিশোররা। এদিন ম্যাচের ১০ মিনিটে নাজিমুদ্দিন ও ৭৬ মিনিটে হিমেল গোল করেন। এর আগে প্রথম ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের জয় ২-১ গোলের। দুই ম্যাচ থেকে পূর্ণ ৬ পয়েন্ট তুলে নিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।
এদিকে শুক্রবার বিকালের ম্যাচে সিঙ্গাপুরকে ৬-০ গোলে হারিয়েছে গ্রুপ লিডার ইয়েমেন। তারা প্রথম ম্যাচে ৮-০ গোলে হারিয়েছিল ভুটানকে।
টানা দুটি ম্যাচ জিতলেও গোল গড়ে ইয়েমেনের চেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। দুই ম্যাচে ১৪ গোল করে টেবিলের শীর্ষস্থান দখল করেছে আরব দেশটি। তারা কোনো গোলও হজম করেনি। বাংলাদেশের গোল ব্যবধান +৩।
আজ গ্রুপের শেষ ম্যাচে ইয়েমেনকে হারাতে পারলেই কেবল সরাসরি এশিয়ান কাপে উঠবে বাংলাদেশ। ড্র করলেও ইয়েমেন সরাসরি মূল পর্বে চলে যাবে। তাই বাংলাদেশ হারলে কিংবা ড্র করলে সেরা রানার্সআপ হিসেবে মূল পর্বে ওঠার আশায় থাকতে হবে।
এএফসিভুক্ত ৪৭টি দেশের মধ্যে ৪৪টি এই বাছাইপর্বে অংশ নিচ্ছে। এর মধ্যে চারটি গ্রুপে পাঁচটি করে ও ছয়টি গ্রুপে চারটি করে দল লড়াই করছে। ১০ গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি উঠবে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে। আর সেরা রানার্সআপ হিসেবে আরো ছয়টি দল পাবে চূড়ান্ত পর্বের টিকিট।
‘এ’
গ্রুপে জাপান, ‘বি’ গ্রুপে ইন্দোনেশিয়া, ‘সি’ গ্রুপে ওমান, ‘ডি’ গ্রুপে ভারত, ‘ই’ গ্রুপে ইয়েমেন, ‘এফ’ গ্রুপে ভিয়েতনাম, ‘জি’ গ্রুপে অস্ট্রেলিয়া, ‘এইচ’ গ্রুপে আফগানিস্তান, ‘আই’ গ্রুপে ইরান ও ‘জে’ গ্রুপে উজবেকিস্তান শীর্ষে অবস্থান করছে।
আগামী বছর অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ। প্রথমে এর স্বাগতিক বাহরাইন হলেও গত বছর তারা সরে দাঁড়ায়। ফলে নতুনভাবে স্বাগতিক দেশ নির্ধারণ করতে হবে এএফসিকে।










