ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের আয়োজনে গায়ানায় চলছে গ্লোবাল সুপার লিগের প্রথম আসর। এতে অংশ নিচ্ছে পাঁচ দেশের পাঁচটি দল। এ আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। বাকি দলগুলো হলো ওয়েস্ট ইন্ডিজের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া, পাকিস্তানের লাহোর কালান্দার্স ও ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস।

সর্বশেষ বিপিএলে রাউন্ড রবিন লিগে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে ছিল রংপুর রাইডার্স। পরে প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ও দ্বিতীয় কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের কাছে হেরে বিদায় নেয় তারা। বিপিএলে ২০১৭ আসরের চ্যাম্পিয়নরা এবার দেশের বাইরে কোনো টুর্নামেন্ট খেলছে।

গ্লোবাল সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে দারুণ খেলেও জিততে পারেনি রংপুর। বৃহস্পতিবার ভোরে অনুষ্ঠিত ম্যাচে হ্যাম্পশায়ার হকসের সঙ্গে ‘টাই’ করে রংপুর। পরে সুপার ওভারে জয় পায় ইংলিশ দলটি। রংপুর পরের ম্যাচ খেলবে ভিক্টোরিয়ার সঙ্গে। আজ বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।

আসরের প্রথম ম্যাচে কালান্দার্সকে হারায় গায়ানা। দ্বিতীয় ম্যাচে রংপুর নাটকীয়ভাবে হেরেছে হ্যাম্পশায়ারের কাছে। গতকাল ভোরে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক দল গায়ানাকে ৪ উইকেটে হারিয়েছে ভিক্টোরিয়া।