সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ১২ রানে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করে আইরিশ নারীরা। এই রান তাড়া করতে নেমে স্বাগতিক দল ৭ উইকেটে ১৫৭ রান তুলতে সমর্থ হয়।
ঢাকায় টানা তিনটি ওয়ানডে ম্যাচে হারের পর অবশেষে বাংলাদেশ সফরে জয়ের স্বাদ পেল আয়ারল্যান্ড। অধিনায়ক গ্যাবি লুইস ও লিয়া পল অবিশ্বাস্য ব্যাটিংয়ে আইরিশদের জয়ের ভিত গড়ে দেন। তারা ১০৭ রানের পার্টনারশিপ গড়েন, যা আয়ারল্যান্ডের হয়ে তৃতীয় উইকেটে রেকর্ড। আগের রেকর্ডটি ছিল লরা ডিলানি ও ওরলা প্রেন্ডারগাস্টের ৯৯ রান। লিয়া পল ৪৫ বলে ৭৯ রান করে অপরাজিত থাকেন, আর গ্যাবি লুইস ৪২ বলে করেন ৬০ রান। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ১১ রান করেন প্রেন্ডারগাস্ট। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন জাহানারা আলম, ফারিহা তৃষ্ণা, জান্নাতুল ফেরদাউস ও নাহিদা আক্তার।
দিলারা আক্তার ও সোবহানা মোস্তারি ওপেনিং জুটিতে বাংলাদশকে ১০৩ রান এনে দেয়ার পরও জিততে পারেনি বাংলাদেশ। মোস্তারি ৩৫ বলে ৪৬ ও দিলারা ৪১ বলে ৪৯ রান করেন। শারমিন আক্তার সুপ্তা (১৩ বলে ২৩*) ও তাজ নেহার (১৪ বলে ১৯) মাঝের দিকে খানিকটা চেষ্টা করলেও দলকে জেতাতে পারেননি।
শেষ ১২ বলে ১৮ রানের প্রয়োজন ছিল বাংলাদেশের। হাতে ছিল ৬ উইকেট। যদিও এই সমীকরণ মেলাতে পারেনি স্বাগতিক মেয়েরা। ১৯তম ওভারে দুটি ও ২০তম ওভারে একটি উইকেট হারিয়ে বসলে জয়ের নাগাল আর পাওয়া হয়নি। প্রেন্ডারগাস্ট ও আরলিন কেলি উভয়ই তিনটি করে উইকেট নেন।
৭ ডিসেম্বর দ্বিতীয় ও ৯ ডিসেম্বর তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। এই সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টিতে ১২ বার মুখোমুখি হয়ে এটা আইরিশদের চতুর্থ জয়। বাংলাদেশ জিতেছে ৮টি।










