সেন্ট কিটসে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ২৯৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিং বেছে নেয়া টাইগাররা তিন ফিফটিতে ৬ উইকেটে ২৯৪ রান তুলতে সমর্থ হয়। এই রান তাড়া করতে নেমে ২৭ রানের মধ্যে ২ উইকেট হারালেও পরে অধিনায়ক শাই হোপ বিপর্যয় সামাল দেন। এ প্রতিবেদন লেখার সময় স্বাগতিকদের সংগ্রহ ছিল ৩০ ওভারে ৩ উইকেটে ১৩০ রান। হোপ ৬১ ও রাদারফোর্ড ১৭ রানে ব্যাট করছিলেন। জিততে তাদের প্রয়োজন ছিল ২০ ওভারে ১৬৫ রান।

৪৬ রানে ২ উইকেট পতনের পর তানজিদ হাসানকে নিয়ে হাল ধরেন মেহেদী হাসান মিরাজ। ৯৭ বলে ৭৯ রানের লড়াকু এক জুটিতে দলের সংগ্রহ একশ পার করে নেন এই দুজন। তানজিদ ৬০ বলে ৬ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৬০ রান করেন। আফিফ হোসেনকে নিয়ে ৬২ বলে ৫৪ রান যোগ করেন মিরাজ। এরপর মাহমুদউল্লাহকে নিয়ে ২২ বলে ১৯ রান যোগ করে সাজঘরের পথ ধরেন তিনি (৭৪)। শেষ ১২ ওভারে মাহমুদউল্লাহ ও জাকের আলী দাপুটে ব্যাটিংয়ে স্বাগতিকদের হতাশ করেন। ৭৪ বলে ৯৬ রানের পার্টনারশিপ গড়েন তারা। জাকের ৪০ বলে ৪৮ রান করে আউট হলেও মাহমুদউল্লাহ ৪৪ বলে ৫০ রানে অপরাজিত থাকেন।