ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিলামের আজ দ্বিতীয় দিন প্রথম মিলিয়নেয়ার হলেন ইংলিশ পাওয়ার হিটার ও অফস্পিনার লিয়াম লিভিংস্টোন। এখন পর্যন্ত চলতি মৌসুমে তিনিই সবচেয়ে ব্যয়বহুল বিদেশি ক্রিকেটার। তাকে পেতে লড়াইয়ে নামে কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস ও পাঞ্জাব কিংস।

শেষ দিকে এই লড়াইয়ে নাম লেখায় নবাগত দল গুজরাট টাইটানস আর সানরাইজার্স হায়দরাবাদও। যদিও শেষ পর্যন্ত ১১ কোটি ৫০ লাখ রুপিতে (১৫ লাখ ৩০ হাজার ডলার) তাকে পেয়ে যায় পাঞ্জাব কিংস।

দিনের শুরুতেই হাতুরির নিচে আসে এইডেন মার্করামের নাম। তাকে পেতে লড়াইয়ে নামে পাঞ্জাব, সানরাইজার্স ও মুম্বাই ইন্ডিয়ান্স। লড়াইয়ে জয়ী হয়েছে সানরাইজার্স, যারা আফ্রিকান খেলোয়াড়টিকে কিনেছে ২ কোটি ৬০ লাখ রুপিতে। অতীতে রাইজিং পুনে সুপারজায়ান্ট ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলা খেলা আজিঙ্কা রাহানেকে ভিত্তিমূল্য ১ কোটি রুপিতে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

ভারতের পেসার খলিল আহমেদকে কিনতে সোয়া ৫ কোটি রুপি খরচ করেছে দিল্লি। এছাড়া লংকান রহস্য স্পিনার মহিশ থিকসানাকে ৫০ লাখ রুপিতে চেন্নাই, ভারতের বামহাতি পেসার চেতন সাকারিয়াকে ৪ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে মুস্তাফিজুর রহমানের দিল্লি। ৫০ লাখ রুপিতে সন্দ্বীপ শর্মাকে কিনেছে পাঞ্জাব কিংস। ২ কোটি রুপিতে লংকান দুশমন্ত চামিরাকে দলে ভিড়িয়েছে নবাগত লক্ষ্নৌ সুপারজায়ান্ট। 

দক্ষিণ আফ্রিকান পেসার মার্কো ইয়ানসেনকে ৪ কোটি ২০ লাখ রুপিকে কিনেছে সানরাইজার্স। আর ক্যারিবিয়ান খেলোয়াড় ওডেন স্মিথকে কিনতে ৬ কোটি রুপি খরচ করেছে পাঞ্জাব।