গত বছর নেপালের মাঠ থেকে টানা দ্বিতীয়বারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ের পথেই হেড কোচ পিটার বাটলারের সঙ্গে ফুটবলারদের দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে আসে। দলের সিনিয়র খেলোয়াড়রা কোচের বিরুদ্ধে অভিযোগ তোলেন। সেই বাটলারের অধীনেই শেষ পর্যন্ত সাবিনা খাতুনরা শিরোপা জিতে নিলে দ্বন্দ্বের বিষয়টি সাময়িকভাবে চাপা পড়ে যায়। কোচের সঙ্গে দুই বছরের চুক্তি করে বাফুফে। যদিও বিষয়টি আবারো উঠে এলো।

বাটলারের বিরুদ্ধে মানসিক হয়রানি, উৎপীড়নসহ বিভিন্ন অভিযোগ তুলে এই ইংলিশ কোচের অধীনে না খেলার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়েরা। এমনকি বাফুফে এই ব্রিটিশ কোচকে রেখে দেয়ার সিদ্ধান্তে অনড় থাকলে একযোগে অবসরের হুমকিও দিয়েছেন তারা।

আজ বৃহস্পতিবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব ঘোষণা দেন সাবিনা খাতুন, সানজিদা খাতুন, মনিকা, রিতুপর্ণা চাকমাসহ ১৭ ফুটবলার।

গত সোমবার বাটলার ঢাকায় ফিরে মঙ্গলবার টিম মিটিং ডাকেন। যদিও তাতে সাবিনারা অংশ নেননি। আজ সকালে বাটলার জিম সেশন আয়োজন করলে তাতে বাফুফের ক্যাম্পে থাকা ২৯ খেলোয়াড়ের মধ্যে মাত্র ১২ জন অংশ নেন। সন্ধ্যার পর বাকি ১৭ জন বাফুফে ভবনের নিচে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লিখিত বক্তব্য দেন।

‘নারী জাতীয় ফুটবল দলের হেড কোচ পিটার বাটলার ইস্যু নিয়ে আমাদের অবস্থান, প্রশ্ন এবং যত অভিযোগ’ শিরোনামের এ বক্তব্যে একযোগে পদত্যাগের ঘোষণা দেন সাফজয়ীরা। এতে সই করেন সাবিনা, মনিকা, শামসুন্নাহার, সানজিদা, ঋতুপর্ণা, মাসুরাসহ ১৭ সিনিয়র ফুটবলার।

লিখিত বক্তব্যে বিভিন্ন অভিযোগ তুলে ধরে শেষে লেখা হয়, ‘আমরা আশা করছি, বাফুফের মাননীয় সভাপতি বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে আশু সমাধানের ব্যবস্থা নেবেন। এর আগপর্যন্ত আমরা পিটারের অধীনে কোনো ট্রেনিং ক্যাম্পে অংশ নেব না।’

পিটার বাটলারের বিষয়ে বাফুফে অবস্থান বদল না করলে নিজেদের করণীয় তুলে ধরে ফুটবলাররা লিখেছেন, ‘যেহেতু গত অক্টোবরের পর কোনো ফুটবলারের সঙ্গে বাফুফে কোনো চুক্তি নবায়ন করেনি, তাই আইনত বাফুফে আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে না। তারপরও যদি সে রকম কিছু করার সিদ্ধান্ত হয় এবং পিটার বাটলারকেই রেখে দেয়ার সিদ্ধান্তে বাফুফে অনড় থাকে, তবে আমরা একযোগে পদত্যাগ করতে বাধ্য হব। ভেবে নেব, দেশের নারী ফুটবলে আমাদের প্রয়োজন ফুরিয়ে গেছে।’

বাফুফের টেকনিক্যাল কমিটির প্রধান কামরুল হাসান হিলটন আজ মেয়েদের সংবাদ সম্মেলনের আগে এ বিষয়ে বলছিলেন, ‘মেয়েদের কথায় তো আর কোচ মনোনয়ন হবে না। খেলোয়াড়দের ওপর নির্ভর করে তো আর ফেডারেশন চলবে না। আমাদের ম্যানেজমেন্ট আছে, নির্বাহী কমিটির সদস্যরা আছেন, তাঁরা সকলে মিলে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। সে ক্ষেত্রে খেলোয়াড়দের কোনো কথা এখানে চলবে না।’

এছাড়া গতকাল বিকেলে মেয়েদের নিয়ে বসেছিলেন বাফুফের নারী কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণ। জানা গেছে, মাহফুজা মেয়েদের পরিষ্কার জানিয়ে দেন, বাটলারের অধীনেই অনুশীলন করতে হবে। কোনো রকম বর্জন বা অন্য কিছু করা যাবে না।