ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড করপোরেট অ্যামেচার ক্রিকেটের টি-ফরটি ফরম্যাটে ফাইনালে উঠেছে সেনা কল্যাণ সংস্থা ও ব্র্যাক ব্যাংক লিমিটেড। আজ শুক্রবার সেনা কল্যাণ সংস্থা ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে। আরেক ম্যাচে ব্র্যাক ব্যাংক ১০ রানে হারিয়েছে ক্যাডেট একাদশকে।
পুলিশ স্টাফ কলেজ মাঠে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সেনাবাহিনী। ১৭ রানে ৪ উইকেট হারিয়ে শুরুতে চাপে পড়ে দলটি। ৬৫ বলে ৪২ রান করা রাহাত মল্লিক ইনিংস মেরামতের কাজ করেন। সারোয়ার হোসেনের ৫৮ বলে ৭৩ রানের ঝড়ো ইনিংস সেনাবাহিনীকে লড়াইয়ে পুঁজি এনে দেয়। নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেটে ১৯৬ রান করে দলটি। সেনা কল্যাণ সংস্থার আবু নাসের ইবনে শহীদ ২৯ রানে ৪ উইকেট নিয়েছেন।
মারুফ হোসেনের ৮৫ রানের ইনিংস সেনা কল্যাণ সংস্থাকে জয়ের পথ দেখায়। তৌফিক হোসেন সওদাগর (অপরাজিত ২৬), মাহফুজুল ইসলাম ইমন (২২), আসাব উদ দৌলা হিরার (২২) ছোট ইনিংসগুলো জয়ের পথটা প্রশস্ত করেছে। শেষপর্যন্ত ৩৮.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে সেনা কল্যাণ সংস্থা। আবু নাসের ইবনে শহীদ ম্যাচ সেরা হয়েছেন।
বিকেএসপিতে টস জিতে ব্র্যাক ব্যাংককে ব্যাটিংয়ে পাঠায় ক্যাডেট একাদশ। এহসান বণিকের ৪০, শাহরিয়ার ইসলাম সুমনের ২৪, নুর আলমের ২০, তৌহিদুল ইসলাম জনির ১৯ রানে ভর করে ৩৮.১ ওভারে ১৬২ রানে অলআউট হয় ব্র্যাক ব্যাংক। ক্যাডেট একাদশের তিন বোলার ১০ উইকেট ভাগ করে নিয়েছেন। রাজিব মাহমুদ শুভ ২৫ রানে ৪টি, এ কে এম হুসনা হাবিব মেহেদী ১০ রানে ৩টি ও মো. ফখরুল আলম ৪৫ রানে ৩টি উইকেট নেন।
২৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে ক্যাডেট একাদশ। নাজমুল হোসেনের ৭৬ রানের কল্যাণে দলটি লড়াইয়েও ফিরলেও শেষপর্যন্ত ৩৮.৩ ওভারে ১৫২ রানে অলআউট হয়ে যায়। শেখ আবু সাঈদ ৩০ রানে ৩ উইকেট নেন। শাহরিয়ার ইসলাম সুমন ও এহসান বণিক নেন ২ উইকেট করে।










