নিউজিল্যান্ডে চলমান আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে শক্তিশালী ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৭টায়।

 

আট দলের এই আসরে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে একটি জয় পাওয়া বাংলাদেশ দুই পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের সপ্তম স্থানে। পাঁচ ম্যাচে দুই পয়েন্ট নিয়ে সবার তলানিতে পাকিস্তান। অন্যদিকে, ভারত পাঁচ ম্যাচে চার পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। টেবিলের শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে। 

 

সর্বশেষ চারবারের দেখায় প্রতিবারই ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। প্রতিবেশী দেশটির বিপক্ষে সর্বশেষ ২০১৭ সালে খেলেছেন বাংলাদেশের নারীরা, সেবার হার ৯ উইকেটে। বিশ্বকাপে এবারই প্রথম দেখা এবং এ সময় ভীষণভাবে উদ্দীপ্ত বাংলাদেশ। এবারই যে প্রথম ওয়ানডে বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করছেন সালমা খাতুন-জাহানারা আলমরা। গত সপ্তাহে পাকিস্তানকে হারিয়ে আসরটি স্মরণীয় করে রেখেছে নিগার সুলতানার দল। এবার ভারতকে হারানোর চ্যালেঞ্জ।


এই ম্যাচ নিয়ে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা বলেন, ভারতের বিপক্ষে আমাদের টি২০ খেলার অভিজ্ঞতাই বেশি। ওদের বিপক্ষে ভালো রেকর্ড আছে। ২০১৮ সালে এশিয়া কাপ জেতার পরে ওদের বিপক্ষে খেললে সব সময় অন্যরকম আমেজ বিরাজ করে। অনেক অভিজ্ঞ খেলোয়াড় আমাদের দলে আছে যারা তাদের সঙ্গে খেলেছে। আর উইকেট সম্পর্কেও আমরা জানি। শেষ হ্যামিল্টনে খেলেছি পাকিস্তানের সঙ্গে। উইকেট, কন্ডিশন সম্পর্কে আমাদের ধারণা আছে। আশা করি, আমরা ভালো খেলব।

 

চলতি আসরে ৫ মার্চ দক্ষিণ আফ্রিকার কাছে ৩২ রানে ও ৭ মার্চ নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হারার পর ১৪ মার্চ পাকিস্তানকে ৯ রানে হারিয়ে দেয় নিগারের দল। ১৮ মার্চ  ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ৪ রানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। 

 

এবারের বিশ্বকাপে আর তিনটি ম্যাচ বাকি রয়েছে বাংলাদেশের। আজ খেলার পর ২৫ মার্চ অস্ট্রেলিয়া ও ২৭ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।