ব্রিটেনের ক্যামেরন নোরিকে হারিয়ে আর্জেন্টিনা ওপেনের শিরোপা জিতলেন স্পেনের কার্লোস আলকারাজ। গত বছর ইউএস ওপেন জয়ের পর এটা তার প্রথম টুর্নামেন্ট, প্রথম শিরোপা। টুর্নামেন্টের শীর্ষ বাছাই ও বিশ্বের দুই নম্বর র‍্যাংকধারী আলকারাজ জিতেছেন ৬-৩, ৭-৫ গেমের ব্যবধানে।

 

জয় শেষে আলকারাজ বলেন, ‘‌আমার খুবই ভালো লাগছে। ফাইনালে আমার এই মানের টেনিস খেলার প্রয়োজন ছিল। গত চার মাস লড়াই করার পর এই শিরোপা আমার জন্য খুবই স্পেশাল।’

 

বাম পায়ের চোটের কারণে এ বছর অস্ট্রেলিয়ান ওপেন খেলা হয়নি আলকারাজের। এই আসরে নোভাক জোকোভিচ শিরোপা জিতে নিয়ে র‍্যাংকিংয়েরও শীর্ষে উঠে যান, আর আলকারাজ নেমে যান দুইয়ে। চার মাস পর কোর্টে ফিরেই তিনি ছন্দেও ফিরলেন।

 

১৯ বছর বয়সী আলকারাজ শিরোপা জয়ের পথে মাত্র একটি সেট হেরেছেন—সার্বিয়ার লাসলো জেরের কাছে। এটা চলতি বছর আলকারাজের প্রথম টুর্নামেন্ট।  

 

প্রথম সেটটি ৩৬ মিনিটে জিতে নেন আলকারাজ। এরপর দ্বিতীয় সেটে দ্রুতই তিনি নোরির সার্ভিস ব্রেক করেন। যদিও আলকারাজ যখন ৫-৪-এ দাঁড়িয়ে চ্যাম্পিয়নশিপ পয়েন্টের জন্য সার্ভ করছিলেন তখন ব্রেক করেন ব্রিটিশ খেলোয়াড়টি। এরপর আলকারাজও একটি ড্রপ শটে নোরির সার্ভিস ব্রেক করে ম্যাচ জিতে নেন।

 

নোরি চলতি বছর দ্বিতীয় ফাইনালে হারলেন। এর আগে জানুয়ারিতে হারের অকল্যান্ড ফাইনালে।