আজ রাত ৮টায় ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চাইনিজ তাইপে। গ্রুপ পর্বে চাইনিজ তাইপের সঙ্গে ৫-৫ গোলে ড্র করে অর্পিতা পালের দল।

গতকাল জাকার্তার জিবিকে স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে খেলা শেষ হওয়ার ৩ মিনিট আগে স্কোরলাইন ছিল ১-১। ঠিক তখনই দেখা যায় আইরিন আক্তারের জাদু। তিনি ২ মিনিটের ব্যবধানে (৫৭ ও ৫৮) দুই গোল করে বাংলাদেশকে জয় এনে দেয়ার পাশাপাশি দলকে এশিয়ান গেমসের বাছাইপর্বের ফাইনালে তুলে দেন! ম্যাচটা বাংলাদেশ জিতেছে ৩-১ গোলে, বাংলাদেশের তিনটি গোলই করেছেন আইরিন।

এটা বাংলাদেশ নারী হকি দলের প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট। প্রথম টুর্নামেন্টে গিয়েই বাজিমাত করেছে। প্রথমবারের মতো জয়, প্রথমবারের মতো এশিয়ান গেমস হকির মূল পর্বে ওঠা এবং প্রথমবারের মতো বাছাইপর্বের ফাইনালে ওঠা—লাল-সবুজরা যা করছে সবই ইতিহাস। গত রোববার হংকংকে হারিয়ে প্রথমবারের মতো আইচি-নাগোয়া এশিয়ান গেমস হকিতে খেলা নিশ্চিত করে তারা। গতকাল নিশ্চিত করল বাছাইপর্বের ফাইনালের টিকিটও।

বাংলাদেশের ছেলেদের দল এশিয়ান গেমসের বাছাইপর্বে এখন পর্যন্ত চারবার ফাইনাল খেলে দুবার চ্যাম্পিয়ন হয়েছে। মেয়েরা প্রথম অংশগ্রহণেই শিরোপার কাছাকাছি পৌঁছে গেছে।

গতকাল জয় শেষে হ্যাটট্রিক করা আইরিন বলেন, ‘এশিয়ান গেমস হকি বাছাইপর্বের মতো আসরে আমি ম্যাচসেরা হতে পেরেছি বলে অনেক আনন্দিত। আমি দলের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের ধন্যবাদ দিতে চাই, তারা সবাই আমাকে সাহায্য করেছে। আমরা ফাইনাল খেলতে চেয়েছিলাম, সেটা করতে পেরে খুব ভালো লাগছে।’

গতকাল রাতে দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৩-২ গোলে হারিয়ে দেয় চাইনিজ তাইপে।