বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ শুক্রবার রাউন্ড রবিন লিগের শেষদিন জীবন বাজির ম্যাচ খেলতে নেমে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লার ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেয় বরিশালের বোলিং ব্রিগেড। ৯৭ রানে ৭ উইকেট হারিয়ে বসে কুমিল্লা। সেখান থেকে জাকের আলীর বীরত্বে ১৪০ রানের লড়াইয়ের পুঁজি পেয়েছে দলটি। ১৬ বলে ৩৮ রানের ঝলমলে ইনিংস খেলেছেন জাকের আলী।

 

বাংলাদেশ টেস্ট দলের বিশেষজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম (৩/২০) ও পেসার মোহাম্মদ সাইফউদ্দিনের (২/১৬) এবং ক্যারিবিয়ান পেসার ওবেড ম্যাকয়ের দুর্দান্ত বোলিংয়ের মুখে একশ রানের আগেই ৭ উইকেট হারিয়ে বসে কুমিল্লা। তাওহিদ হৃদয় (২৬ বলে ২৫) ও মঈন আলী (২২ বলে ২৩) কিছুটা দৃঢ়তা দেখালেও দুজনেরই আস্কিং রেট ছিল সাদামাটা।

 

যদিও শেষ দিকে ২ চার ও ৪ ছক্কায় ৩৮ রানের মাকাটারি ইনিংস উপহার দিয়ে কুমিল্লার মান বাঁচান ২৬ বছর বয়সী জাকের আলী। এ সময় ম্যাকয়ের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। তার করা ২০তম ওভার থেকে ১৬ রান নেন জাকের আলী।

 

আজ কুমিল্লার লক্ষ্য রংপুর রাইডার্সকে হটিয়ে টেবিলের শীর্ষস্থান দখল করা, আর বরিশালের লক্ষ্য প্লে-অফের চতুর্থ টিকিটটি লুফে নেয়া। বরিশাল বড় ব্যবধানে হারলেই তবে সিলেটের বিপক্ষে বড় জয় তুলে নিয়ে প্লে-অফে ওঠার ক্ষীণ আশা তৈরি হবে খুলনার। তাই কুমিল্লা-বরিশাল ম্যাচে চোখ রয়েছে খুলনারও।

 

রাউন্ড রবিন লিগে পুরো ১২ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে রয়েছে রংপুর। তাদের রানরেট ১.৪৩৮। কুমিল্লা ১১ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে। তাদের রানরেট ১.২৭৯। বরিশালকে (১১ ম্যাচে ১২ পয়েন্ট) বড় ব্যবধানে হারালে তাদের শীর্ষে ওঠার সুযোগ থাকবে।

 

১ মার্চ শেষ হবে দশম বিপিএল। রোববার এলিমিনেটর ম্যাচ ও প্রথম কোয়ালিফায়ার, মঙ্গলবার দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ১ মার্চ শুক্রবার ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।