ইয়ুর্গেন ক্লোপ চলতি মৌসুম শেষে লিভারপুল ছেড়ে যাবেন।
গত মাসে তিনি এই ঘোষণা দেয়ার পরই অ্যানফিল্ডে কে আসছেন, সেই গুঞ্জনে সবার আগে উচ্চারিত
হতে থাকে জাভি আলোনসোর নাম। লিভারপুল, রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের সাবেক এই মিডফিল্ডার
এখন জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেনের কোচ। তার কোচিংয়ে প্রথমবারের মতো বুন্দেসলিগা
শিরোপা জয়ের সম্ভাবনা জাগিয়েছে ক্লাবটি। তাই ইউরোপিয়ান ক্লাব ফুটবলে এ মুহূর্তে আলোচিত
নাম আলোনসো। সর্বশেষ রোববার রাতে কোলনকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানধারী বায়ার্নের
সঙ্গে পয়েন্ট ব্যবধান ১০ করেছে লেভারকুসেন।
ব্যবধান বাড়ানোর সুযোগটা করে দেয় বায়ার্নই। তারা শনিবার
ফ্রেইবুর্গের সঙ্গে ২-২ গোলে ড্র করে। পরদিন কোলনকে হারায় লেভারকুসেন। ২৪ রাউন্ড শেষে
৬৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লেভারকুসেন, সমান ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দুইয়ে বায়ার্ন।
১৮ দলের বুন্দেসলিগায় ৩৪ রাউন্ডের খেলা হয়। ২০২৩-২৪ মৌসুমে
আর ১০ রাউন্ড বাকি আছে। লেভারকুসেন যে গতিতে ছুটছে তাতে ৩৪তম রাউন্ডের আগেই শিরোপা
নিশ্চিত করে ফেলতে পারে তারা।
১১৯ বছরের পুরনো ক্লাব লেভারকুসেন কখনই লিগ শিরোপা জিততে
পারেনি। তাদের সেরা সাফল্য পাঁচবার রানার্সআপ হওয়া। সর্বশেষ ২০১০-১১ মৌসুমে রানার্সআপ
হয় লেভারকুসেন।
গত মৌসুমে লেভারকুসেনের দায়িত্ব নিয়েই লিগে ষষ্ঠ স্থান
পাইয়ে দেন আলোনসো। ৩৪ ম্যাচে ১৪টি জয়ে ৫০ পয়েন্ট পেয়েছিল তারা। এবার আরো অপ্রতিরোধ্য
দলটি।










