লিওনেল মেসিকে ফেরাতে চায় বার্সেলোনা। এ ব্যাপারে মেসির বর্তমান ক্লাব প্যারিস সেন্ট জার্মেই ও খেলোয়াড়টির এজেন্ট হিসেবে কাজ করা তার বাবা হোর্হের সঙ্গে যোগাযোগ রাখছে কাতালানরা। সমর্থকদের শিহরিত করার মতো এ খবরটি দিয়েছেন বার্সেলোনার ভাইস প্রেসিডেন্ট রাফা ইউস্তে। বার্সা ও লা লিগার জন্য এটি বড় খবরই, যদিও তার প্রত্যাবর্তন খুব সহজ হবে না। 

৭৭৮ ম্যাচে ৬৭২ গোল নিয়ে বার্সেলোনায় রেকর্ডের অধিকারী মেসি। বলতে গেলে বার্সার সবক’টি বড় রেকর্ডই মেসির দখলে। ২০০৪ থেকে শুরু করে ২০২১ সাল পর্যন্ত তিনি খেলেছেন ক্লাবটির হয়ে। কিন্তু লা লিগার আর্থিক বিধিনিষেধের গ্যাড়াকলে পড়ে ২০২১ সালে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় বার্সেলোনা। মেসি বেতন অর্ধেক করে হলেও থাকতে চেয়েছিলেন ন্যু ক্যাম্পে। যদিও তাকে রাখতে চাইলে বেশ কিছু খেলোয়াড়কে বিক্রি করতে হতো, যা ওই সময়ের মধ্যে পারেনি কাতালানরা। তাতে বার্সায় মেসির ঐতিহাসিক এক অধ্যায়েরও সমাপ্তি ঘটে। মেসিও তখন চোখের জলে বিদায় নেন। সাতবারের ব্যালন ডি’অরজয়ীকে দ্রুতই লুফে নেয় পিএসজি। তবে প্যারিসে তার সময়ও বুঝি ফুরিয়ে এলো। 

পিএসজির সঙ্গে মেসির চুক্তিটা দুই বছরের এবং আসন্ন গ্রীষ্মেই তা শেষ হয়ে যাবে। গুঞ্জন ছিল, মেসি চুক্তি নবায়ন করে প্যারিসেই থেকে যাবেন। যদিও এখন বার্সার আগ্রহে পরিস্থিতি পাল্টে যেতে পারে। ইউস্তে বলেন, ‘‌লিও (মেসি) ও তার পরিবার জানে, তাদের জন্য আমার কত ভালোবাসা।’

বার্সা থেকে মেসির বিদায়ের স্মৃতিচারণ করে ইউস্তে বলেন, ‘তখন দরকষাকষিতে আমিও ছিলাম, যদিও দুর্ভাগ্যজনকভাবে ফল আসেনি। তবে মেসি জানে আমরা কতটা তার গুণমুগ্ধ। আমরা মনেপ্রাণে চাই সে ফিরে আসুক।‌’