ব্রাজিলের ক্লাব পালমেইরাস থেকে ডিফেন্ডার ভিক্টর রেইসকে সই করাল ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। এই কিশোর ফুটবলারকে নিতে সিটিজেনদের খরচ পড়েছে ২ কোটি ৯৬ লাখ পাউন্ড (প্রায় ৪৪০ কোটি)।
১৯ বছর বয়সী রেইসকে চার বছরের জন্য চুক্তিবদ্ধ করেছে ম্যানসিটি। ডান পায়ের সেন্ট্রাল ডিফেন্ডার রেইস নিজ দেশের ক্লাব পালমেইরাসের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ২২ ম্যাচ এবং ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দলের হয়ে নয়টি ম্যাচ খেলেছেন। এবার ইউরোপ মিশনে যাচ্ছেন তিনি।
পালমেইরাস চেয়েছিল চলতি মৌসুমের বাকিটা সময়ের জন্য রেইসকে ধার চুক্তিতে রেখে দিতে। যদিও সিটির ইচ্ছাই তিনি এখনই ইংল্যান্ডে যাবেন।
রেইস বলেন, ‘আমার স্বপ্ন সত্যি হলো। ছোটবেলা থেকেই আমি এমন কোনো সুযোগের অপেক্ষায় ছিলাম, এখন ম্যানসিটির মতো বড় ক্লাবে খেলার সুযোগ এলো। ম্যানচেস্টার সিটির বিশালতা, এর ইতিহাস, এর কাঠামো সবকিছুই আমাকে মুগ্ধ করেছে। তারা যখন দরকায় কড়া নাড়ল তখনই আমি সিদ্ধান্ত নেই যে সিটি ছাড়া অন্য কোথাও নয়।’










