সর্বকালের সেরা ফুটবলার
পেলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফুটবল দুনিয়ায়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেই
সাবেক ও বর্তমান ফুটবলারদের শোক প্রকাশ চলছে। এ তালিকায় যুক্ত হয়েছেন ব্রাজিলের ফুটবল
তারকা নেইমার।
নিজের ইনস্টাগ্রাম
অ্যাকাউন্টে কিং পেলের ছবি শেয়ার করে নেইমার লিখেন, পেলের আগে ‘১০’ কেবল একটি সংখ্যা ছিল মাত্র। পেলের
আগে ফুটবল ছিল একটি খেলা মাত্র। সবকিছু পাল্টে দিয়েছেন পেলে। তিনি ফুটবলকে শিল্প ও
বিনোদনে রূপ দিয়েছেন।
ব্রাজিল যে পেলের
কাছে কত ঋনী সে ব্যাপারে নেইমার লিখেন, তিনি দরিদ্রদের, কালোদের ভাষা দিয়েছেন।
আরো গুরুত্বপূর্ণ হলো বিশ্বমঞ্চে ব্রাজিলকে সম্মানের আসনে আসীন করেছেন।
ফুটবল ও ব্রাজিলের
মর্যাদা বাড়িয়েছেন কিং পেলে। তিনি চলে গেছেন, তবে জাদু রয়ে যাবে। পেলে অমর।
উল্লেখ্য সাও পাওলোর
আলবার্ট আইনস্টান হাসপাতালে স্থানীয় সময় ৩ টা ২৭ মিনিটে মারা যান পেলে। কোলন ক্যান্সার
জটিল রূপ নেয়ায় একাধিক অঙ্গ বিকল হওয়ায় ব্রাজিলীয় এ ফুটবল লিজেন্ডের মৃত্যু হয়েছে বলে
জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
তিনবারের বিশ্বকাপ
জয়ী এ ফুটবলারের মৃত্যুর তথ্যটি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও শেয়ার করা হয়েছে।
২০২১ সালের সেপ্টেম্বরে
কোলন থেকে টিউমার সরানোর পর নিয়মিত কেমোথেরাপির মধ্য দিয়ে যাচ্ছিলেন। এছাড়া ২০১২ সালে
কোমরে অপারেশনের পর একাকি হাঁটাচলা করা কষ্টকর হয়ে পড়েছিল তার জন্য।
পেলে হিসেবে খ্যাতিমান
হলেও তার পারিবারিক নাম ছিল এডসন আরান্তেস দো নাসিমেন্তো। ১৯৫৬ সালে ব্রাজিলের ক্লাব
সান্তোসের হয়ে ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। তিনবার বিশ্বকাপজয়ী একমাত্র ফুটবলার
পেলে। ২১ বছরের পেশাগত ফুটবলের ক্যারিয়ারে ১ হাজার ২৮৩ গোল করেন ব্রাজিলের এ ফুটবল
লিজেন্ড। ব্রাজিলের হয়ে ৯২ ম্যাচে করেন ৭৭ গোল। ২০২২ সালে এসে কাতার বিশ্বকাপে এ রেকর্ডে
ভাগ বসান নেইমার। ফিফা বিশ্বকাপে করেছেন ১২ গোল। ১৯৭০ সালে মেক্সিকো বিশ্বকাপে রেকর্ড
৬ অ্যাসিস্ট করেছেন। বিশ শতকের প্রথম বৈশ্বিক আইকন ছিলেন পেলে। পরবর্তীতে বক্সার মোহাম্মদ
আলী এ তালিকায় প্রবেশ করে।
ইন্টারন্যাশনাল অলিম্পিক
কমিটি পেলেকে ‘অ্যাথলিট অব দ্য সেঞ্চুরি’ হিসেবে স্বীকৃতি দেয়। ফিফার কাছে তিনি ‘ফুটবল
প্লেয়ার অব দ্য সেঞ্চুরি’। আর ব্রাজিল সরকারের কাছে তিনি ছিলেন ‘জাতীয় সম্পদ’।
পেলেকে সর্বকালের
সর্বশ্রেষ্ঠ ফুটবলার গণ্য করেন ফুটবল ভক্তরা। তার নামের পাশে জায়গা পেয়েছে দিয়েগো ম্যারাডোনার
মতো চরিত্র।










