এর মধ্য দিয়ে তার ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটল। তিনি দেশের হয়ে ৩৭৮টি ম্যাচ খেলেছেন।

৩৫ বছর বয়সী এ ব্যাটসম্যান ১৯ হাজার ৩৪৬ রান নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক। এর মধ্যে রয়েছে ৪৮টি সেঞ্চুরি এবং ৬টি ডাবল সেঞ্চুরি।

সাধারণ পরিসংখ্যানের পাশাপাশি উইলিয়ামসনের নেতৃত্বগুণ এবং অধিনায়কত্ব ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। তিনি ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত নিউজিল্যান্ড জাতীয় দলকে তিন ফরম্যাটে মোট ২০৬ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এ সময়ে কিউইরা দুটি আইসিসি বিশ্বকাপ ফাইনাল, তিনটি সেমিফাইনাল খেলেছে এবং ২০২১ সালে প্রথম আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে।

ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের দলে ছিলেন উইলিয়ামসন। তিনি দুই ইনিংসে যথাক্রমে শূন্য ও ১৮ রান করেন। যদিও তিন ম্যাচের সিরিজে বাকি অংশে তাকে আর দেখা যাবে না। ১৭ জুন শুরু হবে ওভাল টেস্ট।

টেস্টে ১১০ ম্যাচ খেলে ৩৩টি সেঞ্চুরিতে ৯ হাজার ৫১৫ রান করেছেন উইলিয়ামসন। ৭ হাজার ৬৮৪ রান নিয়ে দুইয়ে রস টেলর। এছাড়া ১৭৫ ওয়ানডে ম্যাচে ৭ হাজার ২৫৬ রান নিয়ে দেশের হয়ে চারে এবং ৯৩টি টি-টোয়েন্টি ম্যাচে ২ হাজার ৫৭৫ রান করে দুইয়ে অবস্থান করছেন উইলিয়ামসন।

অবসর নিয়ে উইলিয়ামসন বলেন, ‘আমি এটা নিয়ে ভেবেছি, কিন্তু কয়েকদিন ধরে এটা পরিষ্কার হয়ে যায় যে এটাই সঠিক সময়। আমি সবসময়ই আন্তর্জাতিক ক্রিকেট খেলার সময় নিজের মধ্যে পারফর্ম করার ক্ষুধা অনুভব করেছি এবং নিজের সেরাটা দিতে চেয়েছি। এর চেয়ে খারাপ কিছু সঙ্গী করে এগিয়ে যাওয়া অনুচিত হবে এবং আমি নিজে থেকে সরে যেতে পারছি বলে ভাগ্যবান মনে করছি। যাওয়ার সময় মনে হচ্ছে, এই দলটির সম্ভাবনা দারুণ। অনেক মেধাবী রয়েছে দলে, যাদের মধ্যে পারফর্ম করার তীব্র আকাঙ্ক্ষা আমি দেখেছি। এ দলকে ভালোবাসি এবং এর অংশ হতে পারাটা আমার জন্য সৌভাগ্যের ছিল। আমি আমার হৃদয় থেকে এ দলটির সঙ্গে থাকব।’

উইলিয়ামসনের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন কিউইদের হেড কোচ রব ওয়াল্টার। তিনি বলেন, ‘যে-ই তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছে সে বুঝে গেছে, উইলিয়ামসন কতটা বিশেষ খেলোয়াড় ও ব্যক্তি। তার সংখ্যা আর ব্যাটিং দক্ষতা তার হয়ে কথা বলবে।’