করোনা মহামারীর ধাক্কা অনেকটাই সামলে নিয়ে ২০২১ সালে মাঠে ফিরে আসে অধিকাংশ খেলা। বৈশ্বিক আসরের বিচারে এটি ছিল বেশ ব্যস্ত একটি বছর। অলিম্পিক গেমস, ইউরো চ্যাম্পিয়নশিপ, কোপা আমেরিকা, আইসিসি টি২০ বিশ্বকাপ, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালসহ অসংখ্য বড় ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে এ বছরটিতে। বলাবাহুল্য, এ বৈশ্বিক আসরগুলোর বেশির ভাগই করোনা মহামারীর ধাক্কায় ২০২০ সাল থেকে পিছিয়ে ২০২১ সালে অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও দেশে ও দেশের বাইরে অসংখ্য ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে ২০২১ সালে। বাংলাদেশ পুরুষ ক্রিকেট ও ফুটবলে মিশ্র অনুভূতির বছরে মেয়েরা ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছে, আর বছরশেষে কিশোরীরা জিতেছে অনূর্ধ্ব-১৯ সাফ ফুটবলের শিরোপা। পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করে নেয়ার এ সন্ধিক্ষণে ২০২১ সালে ক্রীড়াঙ্গনের কয়েকটি বাছাইকৃত ঘটনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা:
ক্রিকেট: ব-দ্বীপের মানুষের কাছে ক্রিকেট অনেক বেশি পরিচিত ও আবেগের জায়গা। কিন্তু এ বছর ক্রিকেট থেকে ভক্তরা যা পেয়েছেন, তার চেয়ে বেশি হতাশ করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বছরশেষে বেরিয়ে এসেছে বোর্ড কর্মকর্তা ও দলের সিনিয়রদের মধ্যে বিভেদের গল্পও।
বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ হার। শেষে এসে পাকিস্তানের বিপক্ষে টি২০-এর সঙ্গে সাদা পোশাকের সেই ভঙ্গুর চিত্র। আগস্ট-সেপ্টেম্বরে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া (৪-১) ও নিউজিল্যান্ডকে (৩-২) হারিয়ে টি২০ সিরিজ জেতে বাংলাদেশ। যদিও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপে শোচনীয় ব্যর্থতায় ম্লান হয়ে যায় ঘরের মাঠের সেই সাফল্য। গ্রুপ পর্ব কোনোমতে পাড়ি দিলেও সুপার টুয়েলভে পাঁচ ম্যাচের সবকটিতে হেরে বিদায় নেয় মাহমুদউল্লাহ রিয়াদের দল। এরপর ঘরের মাঠে পাকিস্তানের কাছে দুটি সিরিজে ধবলধোলাইয়ে বছর শেষ।
পাঁচটি ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও টি২০ বিশ্বকাপ জেতা হয়নি অস্ট্রেলিয়ার। এ বছর নিউজিল্যান্ডকে ফাইনালে হারিয়ে সেই আক্ষেপও ঘুচে যায় অজিদের। এ বছর বিশ্বকাপে জাতীয় দল থেকে অবসরে যান টি২০ ক্রিকেটের সেরা তারকা ডোয়াইন ব্রাভো। বিদায় নেন আফগানিস্তান ক্রিকেটের সফল অধিনায়ক আসগর আফগান।
নিউজিল্যান্ডের দুঃখ আইসিসির শিরোপা। ভারতকে হারিয়ে প্রথম আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল নিউজিল্যান্ড।
ফুটবল: ফুটবলে
ব্যক্তিগত ও ক্লাব পর্যায়ে অর্জনের শেষ নেই লিওনেল মেসির। কিন্তু আক্ষেপ ছিল জাতীয় দলের হয়ে শিরোপা না জেতা। অবশেষে এ বছর সে আক্ষেপ ঘুচল। কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ২৮ বছর পর বড় কোনো শিরোপা জেতে আর্জেন্টিনা। মেসি জিতলেন জাতীয় দলের হয়ে প্রথম বড় শিরোপা। দারুণ পারফরম্যান্সে কোপার গোল্ডেন বল-বুটও জেতেন তিনি। এই সাফল্য তাকে এনে দেয় রেকর্ড সপ্তম ব্যালন ডি’অর ট্রফি।
বার্সেলোনার ইতিহাস সেরা ফুটবলার মেসি। আর্থিক সংকট ও লা লিগার আর্থিক নিয়মের গ্যাড়াকলে পড়ে মেসিকে ছেড়ে দেয় বার্সা। ২১ বছরের বন্ধন ছিন্ন করে প্যারিস সেন্ট জার্মেইতে যোগ দেন আর্জেন্টাইন স্ট্রাইকার। অপরদিকে তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাস ছেড়ে ফিরেছেন নিজের উত্থানের যেখানে শুরু সেই ম্যানচেস্টার ইউনাইটেডে।
৫২ বছর পর ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ইতালি। কিন্তু শঙ্কায় আজ্জুরিদের কাতার বিশ্বকাপে খেলা। গ্রুপ পর্ব থেকে সরাসরি টিকিট মেলেনি বরার্তো মানচিনির দলের। তাদের শেষ সুযোগ প্লে-অফ। ২০১৮ রাশিয়া বিশ্বকাপেও খেলতে পারেনি ইতালি।
ফুটবলে এ বছর খেলার মাঠে হূদরোগে আক্রান্ত হওয়ার মতো হূদয়বিদারক ঘটনা ঘটেছে দুটি। লা লিগায় ৩০ অক্টোবর আলাভেসের বিপক্ষে খেলা চলাকালীন বুকে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন সার্জিও আগুয়েরো। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা নিশ্চিত করেন তিনি হূদরোগে আক্রান্ত হয়েছেন। পরে চিকিৎসকের পরামর্শেই ৩৩ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান তিনি।
অলিম্পিক: করোনার কারণে পিছিয়ে জাপানের টোকিও অলিম্পিক অনুষ্ঠিত হয় এ বছর। এবারের আসরে ৩৯টি স্বর্ণসহ সর্বোচ্চ ১১৩টি পদক জিতেছে যুক্তরাষ্ট্র। ৩৮টি স্বর্ণসহ ৮৮টি পদক জেতে চীন।
টেনিস: ফ্রেঞ্চ ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন জিতে বছরটা দারুণ কাটিয়েছেন নোভাক জোকোভিচ। সার্বিয়ান তারকার সামনে সুযোগ ছিল ‘ক্যালেন্ডার স্ল্যাম’
জেতার। কিন্তু ইউএস ওপেনের ফাইনালে রাশিয়ার দানিল মেদভেদেভের কাছে হেরে সেই স্বপ্নভঙ্গ হয়। ফলে রজার ফেদেরার ও রাফায়েল নাদালকে (২০টি করে গ্র্যান্ড স্ল্যাম জয়) পেছনে ফেলে রেকর্ডটা নিজের করে নেয়া হয়নি তার।










