সুদানকে ৩-১ গোলে হারিয়ে আফ্রিকান নেশন্স কাপে ‘ডি’ গ্রুপ থেকে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে নাইজেরিয়া। শনিবার রাতে গ্রুপের আরেক ম্যাচে গিনি-বিসাউকে ১-০ গোলে হারিয়ে নকআউটে খেলার আশা বাঁচিয়ে রেখেছে মিসর। মিসরের পক্ষে একমাত্র গোলটি করেন লিভারপুল তারকা মোহামেদ সালাহ।
নাইজেরিয়ার হয়ে গোল করেন স্যামুয়েল চুকবুয়েজে, তাইয়ো আয়োনিই ও মোজেস সিমন। সিমনের পুল-ব্যাক থেকে তৃতীয় মিনিটেই গোল করেন চুকবুয়েজে। প্রথমার্ধের বাশি বাজার অল্প আগে ব্যবধান ২-০ করেন আয়োনিই। বিরতির পর ম্যাচ শুরু হলেই সুপার ঈগলদের হয়ে আরেক গোল করেন সিমন। ৭০ মিনিটে খেদর সাফুর দাইয়িন সুদানের হয়ে সান্ত্বনাসূচক গোল করেন।
২ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে শেষ ষোলোয় নাম লেখাল নাইজেরিয়া। তারা প্রথম ম্যাচে ১-০ গোলে মিসরকে হারায়। গিনি-বিসাউকে হারিয়ে নকআউটে ওঠার রেসে টিকে রইল ফারাওরা। ৬৯ মিনিটে একমাত্র গোলটি করেন সালাহ। যদিও ভাগ্য ভালো মিসরীয়দের। শেষ মুহূর্তে মামা বালদের দুর্দান্ত শটে করা একটি গোল ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বাতিল না করলেও জয় পাওয়া হতো না সালাহদের।
বুধবার সন্ধ্যায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুদানের মুখোমুখি হবে মিসর। ওইদিন নাইজেরিয়া মুখোমুখি হবে গিনি-বিসাউয়ের। শেষ ম্যাচে মিসরের লাগবে এক পয়েন্ট, আর নাইজেরিয়ার বিপক্ষে জিততেই হবে গিনি-বিসাউকে।
নেশন্স
কাপে আজ চারটি খেলা। ‘ই’ গ্রুপে আইভরি কোস্ট খেলবে
সিয়েরা লিওনের বিপক্ষে, বর্তমান চ্যাম্পিয়ন আলজেরিয়ার প্রতিপক্ষ ইকুয়াটোরিয়াল
গিনি। ‘এফ’ গ্রুপে মুখোমুখি হবে
গাম্বিয়া-মালি ও তিউনিসিয়া-মৌরিতানিয়া।










