মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে আজ প্রথম ইনিংসে ভারতকে ৩১৪ রানে অলআউট করেছে বাংলাদেশ। স্পিনার তাইজুল ইসলাম ও সাকিব আল হাসান উভয়ই নেন চারটি করে উইকেট। প্রথম ইনিংসে ৮৭ রানের লিড পেয়েছে সফরকারীরা। সন্ধ্যায় বাংলাদেশ ৬ ওভার টিকে থেকে বিনা উইকেটে ৭ রান তুলে নেয়ায় লিড কমে দাঁড়িয়েছে ৮০ রানে। নাজমুল হোসেন শান্ত ৫ ও জাকির হাসান ২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

 

আজ ম্যাচের দ্বিতীয় দিন সকালের সেশনে তাইজুল ইসলামের ঘূর্ণিতে ভারতের ৩ উইকেট তুলে নিয়ে দারুণ সাফল্য দেখায় বাংলাদেশ। লাঞ্চের পর বিরাট কোহলিকে ফেরান গতি বোলার তাসকিন আহমেদ। যদিও দ্বিতীয় সেশনে কর্তৃত্ব ফিরে পায় ভারত। ঋষভ পন্ত ও শ্রেয়াস আইয়ার দুর্দান্ত ব্যাটিং করে ২৫ ওভারে বোর্ডে ১৪০ রান যোগ করেন। চা-বিরতির সময় ভারতের সংগ্রহ ছিল ২২৬/৪। বাংলাদেশের প্রথম ইনিংস থেকে তারা মাত্র ১ রানে পিছিয়ে ছিল।

 

২৩.২ ওভারে ১৩২ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন থাকেন পন্ত ও শ্রেয়াস। দুজনের মধ্যে পন্তই বেশি মারমুখী ছিলেন। তিনি ৮৯ বলে ৮৬ রানে অপরাজিত, আর শ্রেয়াস ৬৮ বলে ৫৮ রান করে বাংলাদেশের চিন্তার কারণ হয়ে দাঁড়ান। 

 

যদিও ভাগ্যের ছোঁয়াও পেয়েছেন ভারতের দুই ব্যাটার। মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম ও নুরুল হাসানরা তাদের দুজনের ক্যাচ না ছাড়লে স্কোরবোর্ডে চিত্রটা অন্যরকম হতো।

 

এর আগে প্রথম সেশনে সাজঘরের পথ ধরেন ভারতের দুই ওপেনার লোকেশ রাহুল, শুভমান গিল আর ব্যাটিংয়ে আস্থার নাম চেতেশ্বর পুজারা। এই তিনটি উইকেটই তুলে নেন বামহাতি অর্থোডক্স স্পিনার তাইজুল।

 

১৪তম ওভারের প্রথম বলে ডাউন দ্য উইকেটে এসে তাইজুলের বল ডিফেন্ড করতে গিয়ে লেগ বিফোর হয়ে যান রাহুল। ৪৫ বলে ১০ রান করেন ভারতের অধিনায়ক। নিজের পরে ওভারেও একইভাবে গিলকে সাজঘরের পথ দেখান তাইজুল। গিল চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি করেন।

 

এরপর ইনিংস মেরামত করছিলেন পুজারা ও বিরাট কোহলি। ৩১তম ওভারে তাইজুলের বলে ব্যাড-প্যাড ইনসাইড এজ হয়ে শর্ট লেগে মুমিনুল হককে ক্যাচ দেন পুজারা (৭২/৩)।

 

এরপর কোহলির সঙ্গে যোগ দেন ঋষভ পন্ত। লাঞ্চ থেকে ফেরার পর খুব বেশিক্ষণ টিকতে পারেননি কোহলি। তাসকিন আহমেদের গোলার মুখে আত্মসমর্পণ করেন ভারতের সাবেক অধিনায়ক। তাসকিনের লেংথ বলে আউটসাইড এজ হয়ে উইকেটকিপার নুরুলকে ক্যাচ দেন কোহলি (৯৪/৪)।

দ্বিতীয় সেশনে আর কোনো উইকেট হারায় ভারত। দীর্ঘ হতাশার পর তৃতীয় সেশনে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন মেহেদী হাসান মিরাজ। ডেঞ্জারম্যান ঋষভ পন্তকে ব্যক্তিগত ৯৩ রানে ফেরান সাজঘরে। অফসাইডে পড়া তার ফুলার লেংথের বলটি পেছনে গিয়ে খেলতে চেয়েছিলেন পন্ত, কিন্তু বল আউটসাইড এজ করে চলে যায় উইকেটকিপার নুরুল হাসানের হাতে। এতে পন্ত ও আইয়ারের ১৫৯ রানের জুটির সমাপ্তি ঘটে।

 

এরপর টানা তিন উইকেট শিকার করেন সাকিব। ৮২তম ওভারে রবিচন্দ্র অশ্বিনকে লেগ বিফোর করে আন্তর্জাতিক ক্রিকেটে ৬৫০তম উইকেট শিকার করেন সাকিব। ৮০ ওভার পার হতেই নতুন বল নেন তিনি। প্রথম বলেই আসে সাফল্য। ডিফেন্স করতে চেয়েও পারেনি অশ্বিন। তিনি রিভিউ নিয়েও লাভ হয়নি।

 

এর আগে পরপর দুই ওভাবে আঘাত হানেন সাকিব। ৭১তম ওভারে অক্ষর প্যাটেলকে ও ৭৩তম ওভারে শ্রেয়াস আইয়ারকে ফেরান তিনি। প্যাটেল ক্যাচ দেন নাজমুল হোসেন শান্তকে, আর শ্রেয়াস লেগ বিফোর হয়েছেন।

ভারতের সংগ্রহ তিনশ ছাড়ানোর পর উমেশ যাদবকে শিকার করে স্বাগতিক দলে স্বস্তি আনেন তাইজুল। তিনি স্লিপে ক্যাচ দেন লিটন দাসকে। ৮৭তম ওভারে সাকিবের বলে মোহাম্মদ সিরাজ স্ট্যাম্পিংয়ে শিকার হলে ৩১১ রানে অলআউট হয়ে যায় ভারত।  তাইজুল ৭৪ রানে ও সাকিব ৭৯ রানে চারটি করে উইকেট নেন।  

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট হয় বাংলাদেশ। প্রথম টেস্টে ১৮৮ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত।