কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণজয়ী কৃতী শুটার সাদিয়া সুলতানা মারা গেছেন। আজ সোমবার চট্টগ্রামের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।
২০১০ সালের কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় করা সাদিয়া দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। আজ তিনি নিজ বাড়ির ছাদ থেকে লাফ দেন। আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করানো হয়। তাকে আর বাঁচানো যায়নি।
কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার রাইফেলে স্বর্ণ জিতেছিলেন সাদিয়া সুলতানা। ১০ মিটার এয়ার রাইফেল পেয়ারে শারমিন আক্তার রত্নার সঙ্গে জুটি গড়ে স্বর্ণ জয় করেছিলেন তিনি। এছাড়া ১০ মিটার এয়ার রাইফেল ব্যাজ ইভেন্টে শারমিন স্বর্ণ ও সাদিয়া রৌপ্য জিতেছিলেন সেবার।
সাদিয়া ২০১০ সালের এসএ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টে রৌপ্য জয় করেন। ২০১৩ সালের এপ্রিলে বাংলাদেশ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে স্বর্ণ জয়ের পরই আড়ালে চলে যান তিনি।
২০১৭ সালের ১৫ অক্টোবর গ্যাসের চুলা থেকে আগুন ধরে যায় সাদিয়ার শরীরে। তখন তাকে চট্টগ্রামের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল ঢাকায়। সেই থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। একটি সময় সুইসাইডও করতে চেয়েছিলেন। করেছিলেন স্ট্রোকও। এবার অনন্তলোকের পথ ধরলেন তিনি।










