অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানী এখন ম্যাডিসন কিজ। গতকাল মেয়েদের এককের ফাইনালে টানা দুবারের চ্যাম্পিয়ন ও শীর্ষ বাছাই বেলারুশের আরিনা সাবালেঙ্কাকে ৬-৩, ২-৬, ৭-৫ গেমে হারিয়ে প্রথমবারের মতো গ্র্যান্ড স্লাম শিরোপা জিতলেন আমেরিকান আন্ডারডগ।
এর আগে একবার ফাইনাল খেললেও কখনো শিরোপা জেতা হয়নি কিজের। ২০১৭ সালের ইউএস ওপেনের ফাইনালে তিনি হেরেছিলেন স্বদেশী স্লোয়ান স্টিফেনসের কাছে। ২৯ বছর বয়সে এসে টেনিসের সর্বোচ্চ মুকুট জয়ের কৃতিত্ব দেখালেন। তার চেয়ে বেশি বয়সে প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড আছে আর মাত্র তিনজন নারীর।
কিজের জয়ে রেকর্ড ছোঁয়া হলো না ২৫ বছর বয়সী সাবালেঙ্কার। ২৬ বছর পর প্রথম নারী হিসেবে টানা তিনবার অস্ট্রেলিয়ান ওপেনে শিরোপা জয়ের সুযোগ ছিল বেলারুশিয়ান তারকার। যদিও অল্পের জন্য তিনি এ কীর্তি ছুঁতে পারেননি।
মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় গতকাল দুর্দান্ত এক ফোরহ্যান্ড শটে জয়সূচক পয়েন্ট জিতেছেন ১৯তম বাছাই কিজ।
হারের পর কিজকে শুভকামনা জানিয়ে আলিঙ্গন করলেও ক্ষোভে র্যাকেট ভেঙেছেন সাবালেঙ্কা। সেই সঙ্গে দ্রুতই কোর্ট ত্যাগ করেন তিনি। আর তৃপ্ত, আনন্দিত কিজের মুখে হাসি যেন লেগেই ছিল।

নিজের ৪৬তম আসরে এসে প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা জিতলেন কিজ। তার চেয়ে বেশি আসরে খেলে প্রথম শিরোপা জয়ের নজির আছে দুজনের—ইতালির ফ্লাভিয়া পেনেত্তা (৪৯) ও ফ্রান্সের মারিওন বারতোলি (৪৭)।
২০০৯ সালের পর প্রথম নারী হিসেবে একই গ্র্যান্ড স্লাম আসরে র্যাংকিংয়ের এক ও দুই নম্বর খেলোয়াড়কে হারানোর কৃতিত্ব দেখালেন কিজ। অস্ট্রেলিয়ান ওপেনে যা ২০০৫ সালের পর প্রথম। সর্বশেষ এই কীর্তি ছিল সেরেনা উইলিয়ামসের। এছাড়া এবার শিরোপা জয়ের পথে ষষ্ঠ ও দশম র্যাংকধারীকেও হারান কিজ।
জয় শেষে কিজ বলেন, ‘দীর্ঘদিন আমি এ অপেক্ষায় ছিলাম, যদিও এ অবস্থানে পৌঁছতে পারব, ভাবিনি।’
এদিকে আজ ছেলেদের এককের ফাইনালে মুখোমুখি হবেন বর্তমান চ্যাম্পিয়ন ইতালির ইয়ান্নিক সিনার ও জার্মানির আলেক্সান্ডার জেরেভে। সিনার তৃতীয় ও জেরেভ প্রথম শিরোপার আশায় খেলতে নামছেন। ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়।
সাবালেঙ্কা কিছু সময় পর কোর্টে ফিরে এলে রড লেভার অ্যারেনার ১৫ হাজার দর্শক উঠে দাঁড়িয়ে তাকে করতালিতে অভিনন্দন জানান। তাদের উদ্দেশে সাবালেঙ্কা বলেন, ‘ম্যাডিসন ছিল অবিশ্বাস্য এবং আমার কিছুই করার ছিল না। পরে কখনো ম্যাডিসনের মুখোমুখি হলে আমি ভালো টেনিস খেলার চেষ্টা করব।’
ছেলেদের টেনিসে প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের পরের বছর একই আসরের শিরোপা জয়ের নজির খুব বেশি নেই। আজ সেই মিশনে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নামছেন ইয়ান্নিক সিনার। আলেক্সান্ডার জেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা হাতে নিতে চাইবেন তিনি। ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের পরের বছর একই আসরে শিরোপা জয়ের সর্বশেষ নজির ২০ বছর আগে রাফায়েল নাদালের গড়া। ২০০৫ সালে প্রথমবারের মতো ফ্রেঞ্চ ওপেন জয়ের পর ২০০৬ সালেও রোলাঁ গাঁরোয় শিরোপা হাতে নেন স্প্যানিশ গ্রেট।
এছাড়া জিম কুরিয়ারের পর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে টানা দুটি অস্ট্রেলিয়ানও ওপেন জয়ের সামনে ২৩ বছর বয়সী সিনার। তিনি বলেন, ‘আবারো এই পজিশনে নিজেকে আনতে পেরে আমি খুশি। আরেকবার বড় এক শিরোপার জন্য খেলব।’










