গত শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হয়েছে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এরই মধ্যে মাঠে গড়িয়েছে ছয়টি ম্যাচ। আজ শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে লড়বে রাকিবুল হাসানের দল। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হবে।

বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে প্রস্তুতিটা ভালোভাবে সেরেছে বাংলাদেশ যুবারা। একমাত্র প্রস্তুতি ম্যাচে এইচ মোল্লার দুর্দান্ত ব্যাটিং ও বোলারদের যৌথ প্রদর্শনীতে জিম্বাবুয়েকে ১৫৫ রানে হারায় টাইগাররা। এইচ মোল্লা ৮২, আরিফুল ৪০, রাকিব ৩৬ ও রিপন মণ্ডল ৩৯ রান করেন। উইকেটের দেখা পান বাংলাদেশের ছয় বোলার। ১০ ওভারে দুই মেডেনসহ ১৮ রানে তিনটি উইকেট নেন অর্থডক্স স্পিনার নাইমুর রহমান। পেস অলরাউন্ডার আরিফুল ইসলাম ও মামুন দুটি করে এবং রিপন, মুশফিক ও সাকিব একটি করে উইকেট নেন। ব্যাট-বলে সবাই নিজেদের ঝালিয়ে নিয়েছেন। এবার মূল মঞ্চে পারফর্ম করার পালা।

গত ডিসেম্বরে এশিয়া কাপে ভালো না করলেও কুয়েত ও আরব আমিরাতের বিপক্ষে দুটি বিশাল জয় পায় বাংলাদেশ। তার আগে ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ ও ‘বি’ দলকে হারিয়ে ত্রিদেশীয় কাপ জিতে টাইগার যুবারা।

‘এ’ গ্রুপের বাকি দুই দল কানাডা ও আরিব আমিরাত। ২০ জানুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে কানাডার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

আইসিসির বড় কোনো ইভেন্টে বাংলাদেশকে প্রথম শিরোপা এনে দেয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আসরে শিরোপা জয় করে আকবর আলীর দল।

১৬টি দল এবারের আসরে অংশ নিচ্ছে। দলগুলো চারটি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে।