ম্যানচেস্টার ইউনাইটেড বা অন্য কোন ক্লাব নয় রিয়াল মাদ্রিদের প্রশিক্ষণ মাঠে অনুশীলন করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কাতার বিশ্বকাপ থেকে পর্তুগালের ছিটকে পড়ার পর নিজেকে ফিট রাখতে অনুশীলনে নেমেছেন পর্তুগিজ এ তারকা। খবর বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, রিয়ালের ভালদেবেবাস প্রশিক্ষণ মাঠে রোনালদোকে একাই অনুশীলন করতে দেখা গিয়েছে। এদিকে গত মাসে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তার চুক্তি বাতিল হয়েছে। ফলে আগামী জানুয়ারি থেকে অন্য ক্লাবে যোগ দিতে পারবেন রোনালদো।

সৌদি আরবের ক্লাব আল-নাসর ৩৭ বছর বয়সী পর্তুগিজ এ ফরোয়ার্ডকে বড় অঙ্কের অফার দিয়েছে। যদিও এটি স্পষ্ট রোনালদোর অন্য বিকল্প রয়েছে।

কাতারে অনুষ্ঠিত টুর্নামেন্টটিই রোনালদোর বিশ্বকাপ জয়ের মিশনের শেষ সুযোগ ছিল। এ টুর্নামেন্টে সুইজারল্যান্ড ও মরক্কোর বিপক্ষে না খেললেও আফ্রিকান দল মরক্কোর সঙ্গে নকআউট পর্বে মাঠে নেমেছিলেন তিনি। যদিও নৌকার মাঝি হয়ে শেষ হালটা ধরে রাখতে পারেননি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এ তারকা।

রোনালদো ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়ালে পাড়ি জমান। পরবর্তীতে ২০১৮ সালে জুভেন্টাসে যোগ দেন পর্তুগিজ এ তারকা। সেখান থেকে প্রিয় ম্যান ইউতে ফিরে এসেছিলেন। কিন্তু এখানে ক্যারিয়ার দীর্ঘায়িত করতে পারেননি এ বিশ্বসেরা ফুটবলার।