মা হতে চলেছেন টেনিসে চারবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন জাপানের নাওমি ওসাকা। ২৫ বছর বয়সী খেলোয়াড়টি জানিয়েছেন, তিনি ২০২৪ সালে টেনিসে ফিরবেন।
গত রোববার অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহারের ঘোষণা দেন ওসাকা। চারদিন পর জানালেন এর পেছনের কারণ।
টুইটারে এক বার্তায় ওসাকা লিখেছেন, ২০২৩ সালটি এমনই এক বছর হতে চলেছে যা, আমার জন্য অনেক কিছু শেখার সময়। আমি শুধু যার দিকে তাকিয়ে আছি তা হলো আমার সন্তান। সে যেন অন্যদের বলতে পারে, দেখ, ওই আমার মা।
২০১৯ ও ২০২১ সালে অস্ট্রেলিয়ান ওপেন জয় করেন ওসাকা। এছাড়া ২০১৮ ও ২০২০ সালে ইউএস ওপেন জয় করেন তিনি। সব মিলে শিরোপা জিতেছেন সাতটি। ৫ কোটি মার্কিন ডলার আয় করে এ মুহূর্তে সবচেয়ে ধনী নারী টেনিস খেলোয়াড় তিনি। এর মধ্যে ২ কোটি ১১ লাখ ৭৭ হাজার ডলার তিনি জিতেছেন প্রাইজমানি হিসেবে, বাকিটা এসেছে বাণিজ্যিক চুক্তি থেকে।
বর্তমানে ৪৭ নম্বর র্যাংকিংয়ে থাকা ওসাকা ২০১৯ সালের ২৮ জানুয়ারি প্রথমবার উঠেছিলেন র্যাংকিংয়ের এক নম্বরে।
২০২১ সালে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর থেকে নানা সমস্যার মুখোমুখি হন ওসাকা। গত বছর ফ্রেঞ্চ ওপেনের সংবাদ সম্মেলনে উপস্থিত না হয়ে আলোচনার জন্ম দেন তিনি। সেসময় তিনি জানান, ২০১৮ সালে ইউএস ওপেন জয়ের পর থেকেই মানসিক বিষণ্নতায় ভুগছেন। ২০২১ সালের সেপ্টেম্বরের পর থেকে পাঁচ মাসের জন্য টেনিস থেকে বিরতিও নেন তিনি।
ফেরার পর সময়টা ভালো কাটেনি। অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে ও ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডে পরাজিত হন। আর চোটের কারণে খেলা হয়নি উইম্বলডনে। গত বছর ইউএস ওপেনে বিদায় নেন প্রথম রাউন্ড থেকে।
মা হওয়ার ঘোষণায় ওসাকা বলেন, গত কয়েক বছর অনেক ঘটনাবহুল ছিল, যদিও সামনের সময়টা আমার জন্য সবচেয়ে পরীক্ষার হতে চলেছে। এই কয়েকটি মাস দূরে থাকব বলে এই সময় খেলাটির প্রতি ভালোবাসা ও আবেগ আরো বেড়ে যাবে, যে খেলাটির প্রতি আমি জীবনই উত্সর্গ করেছি।
ওসাকার আগে গত আগস্টে জার্মান টেনিস তারকা অ্যাঞ্জেলিক কেরবার মা হওয়ার ঘোষণা দেন। গত অক্টোবরে মা হওয়া এলিনা সভিতোলিনা এ বছর ফিরছেন টেনিসে। আর ২৩ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস ২০১৭ সালে মা হন, টেসে ফেরেন একই বছর। তিনি গত বছর অবসর নেন।










