এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হলেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষাণ। তাকে ১৫ কোটি ২৫ লাখ রুপিতে কিনেছে মুম্বাই ইন্ডিয়ানস। কিন্তু গতকাল বেঙ্গালুরুতে নিলামের প্রথম দিন অবিক্রীত থাকলেন দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। আরেক বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমানকে এদিন ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে কিনেছে দিল্লি ক্যাপিটালস। আজ নিলামের দ্বিতীয় ও শেষ দিন।
সাকিব বিপিএলে রেকর্ড টানা পাঁচ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। আর মুস্তাফিজ গতকাল খুলনার বিপক্ষে ম্যাচ খেলার আগেই ১৭ উইকেট নিয়ে ছিলেন এবারের উইকেট চার্টের শীর্ষে।
গতকাল দ্বিতীয় সর্বোচ্চ দাম ১৪ কোটি রুপিতে ভারতীয় সিমার দীপক চাহারকে কিনেছে চেন্নাই সুপার কিংস। ১২ কোটি ২৫ লাখ রুপিতে শ্রেয়াস আয়ারকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। শ্রীলংকার ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১০ কোটি ৭৫ লাখ রুপিতে তাকে দলে টেনেছে। সমান দামে নিকোলাস পুরান ও হার্শাল প্যাটেলকে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ। ১০ কোটি রুপিতে প্রসিদ্ধ কৃষ্ণকে রাজস্থান ও লকি ফার্গুসনকে কিনেছে গুজরাট।
দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার কাগিসো রাবাদাকে ৯ কোটি ২৫ লাখ রুপিতে কিনে নিয়েছে পাঞ্জাব কিংস। জেসন হোল্ডারকে ৮ কোটি ৭৫ লাখ রুপিতে নবাগত দল লক্ষৌ
সুপার জায়ান্টস ও একই দামে ওয়াশিংটন সুন্দরকে কিনেছে হায়দরাবাদ। ৮ কোটি ৫০ লাখ রুপিতে ক্যারিবিয়ান হার্ডহিটার শিমরন হেটমায়ারকে নিয়েছে রাজস্থান। ৮ কোটি ২৫ লাখ রুপিতে ক্রুনাল পান্ডিয়াকে লক্ষৌ
ও শিখর ধাওয়ানকে দলে নিয়েছে পাঞ্জাব। ৮ কোটি রুপিতে ফাস্ট বোলার ট্রেন্ট বোল্টকে রাজস্থান ও নিতিশ রানাকে কিনেছে কলকাতা।
৭ কোটি ৭৫ লাখ রুপিতে দেবদূত পাড়িক্কালকে নিয়েছে রাজস্থান। ৭ কোটি ২৫ লাখ রুপিতে অসি টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সকে দলে নিয়েছে কলকাতা। প্রোটিয়া ব্যাটার ফাফ ডু প্লেসিসকে ৭ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স। ৬ কোটি ৭৫ লাখ রুপিতে প্রোটিয়া ব্যাটার কুইন্টন ডি কককে লক্ষৌ,
ইংলিশ ব্যাটার জনি বেয়ারস্টোকে পাঞ্জাব ও আম্বাতি রাইদুকে কিনেছে চেন্নাই।
সাড়ে ৬ কোটি রুপিতে মিচেল মার্শকে নিয়েছে দিল্লি। ডেভিড ওয়ার্নারকে ৬ কোটি ২৫ লাখ রুপিতে দলে নিয়েছে দিল্লি। সাড়ে ৫ কোটিতে বেঙ্গালুরুতে দিনেশ কার্তিক। ৫ কোটি রুপিতে রবিচন্দ্র অশ্বিনকে নিয়েছে রাজস্থান। ৪ কোটি ৪০ লাখ রুপিতে অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোকে পুনরায় দলে নিয়েছে চেন্নাই। ক্রিকইনেফা










