নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন যুক্তরাষ্ট্রের হিউস্টনে। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে নাজমুল হোসেন শান্তর দল। বিশ্বকাপের আগে স্বাগতিক দেশটির সঙ্গে আরো একটি ম্যাচ খেলবে টাইগাররা। সেটি আজ ভোরে নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এছাড়া টাইগাররা দ্বিতীয় ওয়ার্মআপ ম্যাচ খেলবে শক্তিশালী ভারতের সঙ্গেও।

 

২৮ মে টেক্সাসের প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের সঙ্গে ওয়ার্মআপ ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ১ জুন ভারতের সঙ্গে বাংলাদেশ কোন ভেন্যুতে খেলবে, তা এখনো জানায়নি আইসিসি।

 

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলোর সূচি বৃহস্পতিবার (বাংলাদেশ সময় শুক্রবার ভোর) প্রকাশ করেছে আইসিসি। ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান অবশ্য কোনো প্রস্তুতি ম্যাচ খেলছে না। নিউজিল্যান্ডের কোচ মাইক হেসন আগেই জানিয়ে দিয়েছেন, আইপিএল থেকে তাদের ক্রিকেটারদের ফেরার পর সব ক্রিকেটারকে একসঙ্গে সময়মতো পাওয়া নিয়ে কিছু জটিলতা আছে। তাই প্রস্তুতি ম্যাচ খেলার চেয়ে নিজেরা অনুশীলন করাকেই বেশি কার্যকর মনে করছে তারা।

 

ইংল্যান্ড ও পাকিস্তান ওই সময় ব্যস্ত থাকবে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে, যেটি শেষ হবে ৩০ মে। কাজেই তাদের ওয়ার্মআপ ম্যাচ খেলার সুযোগ ও সময় নেই।

 

প্রস্তুতি ম্যাচ পর্ব শুরু ২৭ মে। তিনটি ম্যাচ হবে সেদিন। কানাডা-নেপাল, পাপুয়া নিউগিনি-ওমান, উগান্ডা-নামিবিয়া ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। পরদিন বাংলাদেশ খেলবে যুক্তরাষ্ট্রের সঙ্গে, অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ নামিবিয়া ও শ্রীলংকা মুখোমুখি হবে নেদারল্যান্ডসের।

 

২৯ মে ফ্লোরিডায় নিজেদের মধ্যেই খেলবে দক্ষিণ আফ্রিকা। ওইদিন আফগানিস্তান খেলবে ওমানের সঙ্গে।

 

৩০ মে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া, নামিবিয়া-পাপুয়া নিউগিনি, নেদারল্যান্ডস-কানাডা, স্কটল্যান্ড-উগান্ডা ও নেপাল-যুক্তরাষ্ট্র ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

 

৩১ মে আয়ারল্যান্ড-শ্রীলংকা, আফগানিস্তান-স্কটল্যান্ড দুটি ওয়ার্মআপ ম্যাচ রয়েছে। সর্বশেষ ১ জুন ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি হতে পারে নবনির্মিত নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।

 

বাংলাদেশের বিশ্বকাপ দল বৃহস্পতিবার পৌঁছে গেছে যুক্তরাষ্ট্রের হিউস্টনে। এখানেই তিন ম্যাচের সিরিজ শুরু আগামী মঙ্গলবার। এরপর দুটি ওয়ার্মআপ ম্যাচ খেলে বিশ্বকাপ মিশনে নামবে টাইগাররা।