আর্লিং হালান্ড মানেই গোলবন্যা—সেটি হোক ক্লাব কিংবা জাতীয় দলের জার্সিতে। চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটি ও নরওয়ের হয়ে ৩০ গোল করে ফেলেছেন তিনি। সিটিতে নাম লেখানোর পর একের পর এক রেকর্ড ভেঙেছেন। আরেকটি রেকর্ডের সামনে তিনি। ২২ নভেম্বর নিউক্যাসলের বিপক্ষে এক গোল করলেই ইতিহাস গড়বেন ২৫ বছর বয়সী স্ট্রাইকার। ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে কম ম্যাচ খেলে ১০০ গোল হয়ে যাবে তার।
তিনি ক্লাবের জার্সিতে যেমন উজ্জ্বল, তেমনি জাতীয় দলের জার্সিতেও। হারকিউলিসের মতোই দলের ত্রাতা হয়ে এসেছেন তিনি। ফলে ২৮ বছর পর বিশ্বকাপের টিকিট পাওয়ার দ্বারপ্রান্তে স্ক্যান্ডিনেভিয়ান দেশ নরওয়ে। ১৯৯৮ সালের পর আর কখনই বিশ্বকাপে দেখা যায়নি ইউরোপের দেশটিকে। আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হবে পরবর্তী ফিফা বিশ্বকাপ আসর। ২৩তম আসরে অংশ নেবে মোট ৪৮টি দেশ। এর মধ্যে নরওয়ের থাকার সম্ভাবনা প্রায় নিশ্চিত। বৃহস্পতিবার রাতে এস্তোনিয়াকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপে এক পা দিয়েই রেখেছে নরওয়েজিয়ানরা।
নরওয়ের স্বপ্নপূরণের বড় নায়ক দীর্ঘদেহী হালান্ড। চলতি ইউরোপিয়ান বাছাইপর্বে দলকে প্রায় একাই টেনেছেন। তিনি মাত্র ৭ ম্যাচে করেছেন বাছাইপর্বের সর্বোচ্চ ১৪ গোল! হালান্ডের নৈপুণ্যে ভর করে বাছাইপর্বে সাত ম্যাচের সব জিতেছে নরওয়ে। এর মধ্যে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে ৩-০ গোলে হারানোর কৃতিত্ব দেখিয়েছে তারা। তিনি মলদোভার বিপক্ষে এক ম্যাচেই করেছিলেন ৫ গোল! ওই ম্যাচে নরওয়ে জিতেছিল ১১-১ গোলের বিশাল ব্যবধানে।
বৃহস্পতিবারের জয়ের পর ‘আই’ গ্রুপে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে নরওয়ে। ১৮ পয়েন্ট নিয়ে ইতালি দুইয়ে। যদিও ইতালির চেয়ে ১৭ গোল বেশি নিয়ে এগিয়ে রয়েছে নরওয়ে।
বাংলাদেশ সময় আজ রাত পৌনে ২টায় গ্রুপের শেষ ম্যাচে মিলানের স্যান সিরোয় ইতালির মুখোমুখি হবে নরওয়ে। এ ম্যাচে জিতলেও নরওয়ের বিশাল গোল ব্যবধান আজ্জুরিদের পক্ষে টপকানো অসম্ভব। ইতালি জিতলে দুই দলের পয়েন্ট সমান হবে, তখন গোল ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে ইতালি উঠে যাবে বিশ্বকাপের মূল পর্বে। এদিন আনুষ্ঠানিকতার ম্যাচে মুখোমুখি হবে ইসরায়েল ও মলদোভা।
মনে হচ্ছিল, বৃহস্পতিবার রাতেই বিশ্বকাপের টিকিট চূড়ান্ত হয়ে যাবে। মলদোভার বিপক্ষে ইতালি পয়েন্ট হারালেই ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে উঠে যেত নরওয়ে। যদিও মলদোভার বিপক্ষে ৮৮ মিনিটে ও ৯২ মিনিটে দুই গোল করে জিতে যায় ইতালি এবং অপেক্ষা বাড়ায় নরওয়ের।
তার আগের ম্যাচে এস্তোনিয়াকে হেসেখেলে হারায় নরওয়ে। জোড়া গোল করেন হালান্ড ও আলেক্সান্ডার সারলথ। চারটি গোল করেন তারা মাত্র ১২ মিনিটের ব্যবধানে। ৫০ ও ৫২ মিনিটে সারলথ ২-০তে এগিয়ে দেন নরওয়েকে। এর ৪ মিনিট পর লক্ষ্যভেদ করেন হালান্ড। আরো ৬ মিনিট পর আবারো নিশানা ভেদ করেন তিনি। হালান্ড দলের চতুর্থ গোল করার ২ মিনিট পর এস্তোনিয়ার হয়ে একটি গোল পরিশোধ করেন রবি সারমা। অর্থাৎ ম্যাচের পাঁচটি গোল হয়েছে ৫০-৬৪ মিনিটের মধ্যে!
প্রথমার্ধে কোনো গোল না পাওয়া নরওয়ে দুশ্চিন্তায় ছিল বটে। তারা ড্র করলে কিংবা হেরে বসলে গ্রুপের চিত্রটা পাল্টে যেত। তখন ইতালির সুযোগ তৈরি হতো। যদিও সারলথ আর হালান্ড দ্বিতীয়ার্ধের শুরুর দিকে পাগলাটে ১২ মিনিটে লণ্ডভণ্ড করে দেন এস্তোনিয়াকে এবং নরওয়ের সব উৎকণ্ঠা এক হল্কায় উড়িয়ে দেন।
২০২৬ সালের বিশ্বকাপে ইউরোপ থেকে অংশগ্রহণ করবে মোট ১৬টি দেশ। ইউরোপের ৫৪টি দেশ ১২টি গ্রুপে ভাগ হয়ে লড়ছে। ছয়টি গ্রুপে চারটি করে ও ছয়টি গ্রুপে পাঁচটি করে দল রাখা হয়েছে। প্রতি গ্রুপের শীর্ষ দল সরাসরি উঠে যাবে বিশ্বকাপে। এছাড়া ১২টি গ্রুপের রানার্সআপ এবং উয়েফা নেশন্স লিগের পারফরম্যান্সের ভিত্তিতে আসা আরো চারটি দল দ্বিতীয় রাউন্ডে (প্লে-অফে) খেলবে। সেখান থেকে বিশ্বকাপের টিকিট পাবে চারটি দল।
ইউরোপ থেকে এরই মধ্যে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড, ফ্রান্স ও ক্রোয়েশিয়া। ইংল্যান্ড আগেই মূল পর্বের টিকিট পেয়েছে। বৃহস্পতিবার সার্বিয়াকে ২-০ গোলে হারায় টমাস টুখেলের দল। সাত ম্যাচের সাতটিই জিতেছে ‘থ্রি লায়ন্স’রা। বৃহস্পতিবার দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের টিকিট কাটে দুইবারের চ্যাম্পিয়ন ফ্রান্স। এদিন তারা ৪-০ গোলে হারায় ইউক্রেনকে। শুক্রবার রাতে ফারো আইল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে মূল পর্বে ওঠে ২০১৮ বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া। এছাড়া নরওয়ে, বেলজিয়াম, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, ডেনমার্ক, সুইজারল্যান্ড ও চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি মূল পর্বে ওঠার রেসে ফেভারিট। জার্মানি শুক্রবার ২-০ গোলে হারিয়েছে লুক্সেমবার্গকে। জার্মানির দুটি গোলই করেন নিউক্যাসেল স্ট্রাইকার নিক ভোল্টমেড। ‘এ’ গ্রুপে জার্মানি ও স্লোভাকিয়া উভয়েরই পয়েন্ট সমান ১২।










