পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০-তে এগিয়ে থাকা বাংলাদেশ দল আজ মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নেমে ২৯ রানের মধ্যে হারিয়ে বসে লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর উইকেট। বলও ততক্ষণে ২৮টি গড়িয়েছে। সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৬৫ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ। তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিকের ব্যাটেই শেষ পর্যন্ত দেড়শোর্ধ্ব পুঁজি পায় স্বাগতিকরা।

 

পঞ্চম ওভারে লিটন (১৫ বলে ১২) ও শান্তকে (৪ বলে ৬) হারানোর পর তানজিদ হাসান ও তাওহিদ মিলে দলের সংগ্রহটা ৬০ পর্যন্ত নিয়ে যান। তানজিদ ২২ বলে ২১ রান করে ফারাজ আকরামের শিকার হন।

 

এরপর তাওহিদ ও অনিকের ৮৭ রানের জুটি হতাশ করে জিম্বাবুয়েকে। ৫৮ বলের মোকাবেলায় এই রান করেন দুজন। এই জুটিতে অনিকের ৪৪ ও তাওহিদের ৪১ রান। তাওহিদ ৩৮ বলে ৩ চার ও দুই ছক্কায় ৫৭ রান করলেও ফিফটি ছুঁতে পারেননি অনিক। ৩ চার ও দুই ছক্কায় ৩৪ বলে ৪৪ রান করে তিনি ফিরে যান সাজঘরে।  

 

ব্লেসিং মুজারাবানি ১৪ রানে তিনটি উইকেট শিকার করেন। একটি করে উইকেট নেন সিকান্দার রাজা ও ফারাজ আকরাম।  

 

টানা দুই ম্যাচ জিতে নির্ভার বাংলাদেশ দল আজ দুটি পরিবর্তন নিয়ে খেলছে। শরিফুল ইসলাম ও শেখ মেহেদী হাসানের জায়গায় দলে এসেছেন তানজিম হাসান সাকিব ও তানভীর ইসলাম।

 

সফরকারী জিম্বাবুয়ে দলেও দুটি পরিবর্তন। রিচার্ড এনগারাভা ও আইনস্লে এনদোলভুর জায়গায় একাদশে এসেছেন ওয়েলিংটন মাসাকাদজা ও ফারাজ করিম।

 

প্রথম ম্যাচে আট উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ছয় উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। আজ চট্টগ্রামে তৃতীয় ম্যাচ খেলে দুই দল ঢাকায় ফিরবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১০ ও ১২ মে শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।