শ্রীলংকার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলে ফিরলেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। এক বছরেরও বেশি সময় পর তিনি জাতীয় দলে ডাক পেলেন। তার সঙ্গে টি-টোয়েন্টি দলে ফিরেছেন ওপেনিং ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ। তিন বছর পর টি-টোয়েন্টি দলে বামহাতি এ ব্যাটার। নাঈম অবশ্য চলতি ওয়ানডে সিরিজেও খেলছেন। টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বাদ পড়েছেন টি-টোয়েন্টি স্কোয়াড থেকে। গতকাল সন্ধ্যায় এ সিরিজের জন্য ১৬ জনের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস।

গত বছর মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেন সাইফউদ্দিন। দেশের হয়ে এখন পর্যন্ত ২৯টি ওয়ানডে ও ৩৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২৮ বছর বয়সী এ ক্রিকেটার।

২০২১ সালের জুলাইয়ে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে ও ২০২৪ সালের ১২ মে মিরপুরে একই দলের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেন সাইফউদ্দিন।

নাঈম শেখ ২০২২ সালের আগস্টে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন। তিনি শ্রীলংকার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের স্কোয়াডে রয়েছেন।

আগামী ১০, ১২ ও ১৬ জুলাই যথাক্রমে পাল্লেকেলে, ডাম্বুলা ও কলম্বোয় তিনটি টি-টোয়েন্টি খেলবে শ্রীলংকা ও বাংলাদেশ।

টি-টোয়েন্টি স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।