ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড করপোরেট অ্যামেচার ক্রিকেটের টি-ফরটি ফরম্যাটে সেমিফাইনালে উঠেছে সেনা কল্যাণ সংস্থা ও ব্র্যাক ব্যাংক লিমিটেড।
গতকাল কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ বিমানবাহিনীকে ৬ উইকেটে হারিয়েছে সেনা কল্যাণ সংস্থা। আরেক ম্যাচে ব্র্যাক ব্যাংক লিমিটেড ১৩৩ রানে সিপিপিকে হারিয়েছে।
বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নামা বিমান বাহিনী ৩৫.৫ ওভারে ১২৮ রানে অলআউট হয়। সর্বোচ্চ ৫০ রান করেন আল আমিন সরকার। রাহান আহমেদ শফিন ১৯ রানে ৫ উইকেট নিয়ে প্রতিপক্ষকে ধসিয়ে দেন। আবু নাসের ইবনে শহীদ ৯ রানে ৩ উইকেট নেন। জবাবে ২০.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে সেনা কল্যাণ সংস্থা। আসাব উদ দৌলা হিরা অপরাজিত ৩৮ রানের ইনিংস খেলেছেন। মারুফ হোসেন করেন ৩৪ রান। শফিন ম্যাচসেরা হয়েছেন।
আরেক ম্যাচে টস জিতে ব্যাট করতে নামা ব্র্যাক ব্যাংক আলাউদ্দিন মনার ৭৭, শুভলাভ দত্ত চৌধুরীর ৫৬ ও নূর আলমের ৪৭ রানের ওপর ভর করে ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭০ রানের বড় সংগ্রহ গড়ে। সিপিপির মাহামিদ রহমান ও আসাদউজ্জামান সুজন ৩টি করে উইকেট নেন।










