কাতারে ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে এ বছরের নভেম্বরে। এরই মধ্যে বাছাইপর্ব খেলে মূলপর্বের টিকিট কেটেছে ২৯টি দল; বাকি তিনটি টিকিটও নিশ্চিত হয়ে যাবে আগামী জুনের মধ্যে। আগামীকাল অনুষ্ঠিত হবে কাতার  বিশ্বকাপের ড্র। তার আগে উন্মোচন করা হলো কাতার বিশ্বকাপের অফিসিয়াল বল। আগের আসরগুলোর ধারাবাহিকতায় এবারের আসরের জন্য তৈরি বলটির নাম দেয়া হয়েছে ‘আল রিহলা’। খেলাধুলার পোশাক, বল ও সরাঞ্জামাদি প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস তৈরি করেছে বলটি।

 

১৯৭০ সাল থেকেই অ্যাডিডাস বিশ্বকাপের বল তৈরি করে আসছে। ফিফার সঙ্গে যৌথ প্রযোজনায় ১৪তম বারের মতো বিশ্বকাপের অফিসিয়াল বল উপহার দিয়েছে জার্মান কোম্পানিটি।

 

আগের প্রতিটি বল তৈরির পেছনে কোনো না কোনো ভাবনা ছিল, থিম ছিল। এবারের থিম নিয়ে ফিফা তাদের ওয়েবসাইটে জানিয়েছে, আল রিহলা আরবি শব্দ, যার অর্থ দাঁড়ায় ‘যাত্রা বা ভ্রমণ’। কাতারের অনন্য স্থাপত্য, আইকনিক নৌকা ও জাতীয় পতাকা থেকে অনুপ্রেরণা নিয়ে এই বলের নকশা করা হয়েছে।

 

বলা হচ্ছে, আল রিহলা আগের যে কোনো বিশ্বকাপ বলের চেয়ে বাতাসে দ্রুতগতিতে চলে এবং খেলার মাঠে নির্ভুলতা ও নির্ভরযোগ্যতার সর্বোচ্চ স্তর দিতে সক্ষম। অ্যাডিডাসও দাবি করেছে, বিশ্বকাপের ইতিহাসে এত দ্রুতগতির বল আগে কখনো দেখা যায়নি।

 

অ্যাডিডাসের পরিচালক ফ্রানজিসকা লোফেনম্যান বলেছেন, দিন দিন ফুটবল খেলায় গতি বাড়ছে। খেলোয়াড়দের দ্রুততার সঙ্গে বলের গতির সামঞ্জস্যের ব্যাপারটি মাথায় রেখেছি। তার দাবি, এবারের বিশ্বকাপে আল রিহলা পায়ে ছন্দ বাড়াবে ফুটবলারদের।

 

অ্যাডিডাসের প্রতিশ্রুতিমতো বলের গুণাগুণ ঠিক থাকলে নিশ্চিতভাবেই কাতারের মাঠে মেসি, রোনালদো আর নেইমারদের পায়ে ঝড় তুলবে আল রিহলা।

 

যুক্তরাষ্ট্রের বাজারে ১৬৫ ডলার, যুক্তরাজ্যে ১৩০ পাউন্ড এবং ইউরোপিয়ান ইউনিয়নে ১৫৫ ইউরোয় বলটি পাওয়া যাবে। ১৯৭০ বিশ্বকাপ থেকে এডিডাস তাদের সরবরাহকৃত বলের ভিন্ন ভিন্ন নাম দিয়ে আসছে। সর্বশেষ ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বলটির নাম ছিল ‘টেলস্টার’।

 

চলতি বছরের ১৯ নভেম্বর ৩২টি দল নিয়ে শুরু হবে কাতার বিশ্বকাপ। ১৮ ডিসেম্বর ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে এই মহাযজ্ঞ। ফিফা, গোল ডটকম