মাত্র ১২ মিনিটে মধ্যে হ্যাটট্রিক পূর্ণ করলেন উরুগুইয়ান সুপারস্টার লুই সুয়ারেজ। এই ম্যাচে লিওনেল মেসি রেকর্ড পাঁচ গোলে অ্যাসিস্ট ও মোট ছয় গোলে অবদান রাখেন। সুয়ারেজ ও মেসির এই যুগলবন্দিতে বাংলাদেশ সময় আজ রোববার ভোরে অনুষ্ঠিত ম্যাচে নিউ ইয়র্ক রেড বুলসকে ৬-২ গোলে বিধ্বস্ত করেছে মিয়ামি।

 

সফরকারী রেড বুলস ১-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধের বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ম্যাচে ফেরে মিয়ামি। ৪৮ মিনিটে বদলি খেলোয়াড় মাতিয়াস রোজাস সমতা আনেন। এর দুই মিনিট পর মেসির গোলে এগিয়ে যায় মিয়ামি। ৬২ মিনিটে রোজাস আরেকবার লক্ষ্যভেদ করেন (৩-১)। এরপর ছিল সুয়ারেজ-শো। অবশ্য মেসি-শো বললেও ভুল হবে না। ম্যাচের ৬৮, ৭৫ ও ৮১ মিনিটে মেসির পাস থেকে তিন তিনটি গোল করেন সুয়ারেজ। যোগ করা সময়ের সপ্তম মিনিটে একটি গোল পরিশোধ করেন এমিল ফোর্সবার্গ।

 

এই ম্যাচে মেসি পাঁচ গোলে অ্যাসিস্ট করেন, নিজে করেন একটি গোল। সব মিলে অবদান রাখেন ছয় গোলে এবং দুটিই মেজর লিগ সকারের রেকর্ড। চলতি মৌসুমে ইন্টার মিয়ামির হয়ে ১০ গোল করার পাশাপাশি ১২ গোলে অ্যাসিস্ট করেন ৩৬ বছর বয়সী মেসি।

 

৩৭ বছর বয়সী সুয়ারেজ ব্রাজিলের দল গ্রেমিও থেকে মিয়ামিতে যোগ দেয়ার পর এখন পর্যন্ত ১১ ম্যাচে ১০ গোল করেছেন। তিনি একটি সময় মেসির সঙ্গে বার্সায় খেলেছেন এবং দুজন একত্রে নয়টি শিরোপা জিতেছেন। এবার জুটি বেঁধেছেন মেজর লিগ সকারের দল মিয়ামিতে।