ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (আইওসি) নতুন সভাপতি নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন সাবেক অলিম্পিয়ান জিম্বাবুয়ের ক্রিস্টি কভেন্ট্রি। ৪১ বছর বয়সী এই জিম্বাবুইয়ান সাঁতারু আইওসির ১৩১ বছরের ইতিহাসে প্রথম নারী সভাপতি, প্রথম আফ্রিকানও। আগামী আট বছরের জন্য তিনি দায়িত্ব পালন করবেন। কভেন্ট্রি আগামী ২৩ জুন অলিম্পিক দিবসে বর্তমান প্রধান জার্মানির টমাস বাখের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন।
আজ বৃহস্পতিবার গ্রিসের কস্তা নাভারিনোয় আইওসির ১৪৪তম সভায় নতুন সভাপতি নির্বাচনে প্রার্থী ছিলেন ৭ জন। কভেন্ট্রি ৯৭ ভোটের মধ্যে ৪৯টি পেয়ে জয়লাভ করেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ ভোট পান স্পেনের ক্রীড়া সংগঠক হুয়ান আন্তোনিও সামারা।
সাবেক অলিম্পিয়ান কভেন্ট্রি সিডনি ২০০০ থেকে টানা পাঁচটি অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ২০০৪ সালের এথেন্স অলিম্পিকে একটি স্বর্ণসহ ৩টি পদক, ২০০৮ বেইজিং অলিম্পিকে একটি স্বর্ণসহ চারটি পদক জিতেছেন। ২০১৬ রিও অলিম্পিক খেলে অবসর নেন।
যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি থেকে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ম্যানেজমেন্টে ব্যাচেলর ডিগ্রি নেওয়া কভেন্ট্রি খেলার ছাড়ার পর রাজনীতিতে যোগ দেন। ২০১৮ সাল থেকে জিম্বাবুয়ের যুব ও ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।










