ওলে গুনার সোলশারকে বরখাস্ত করায় এ মুহূর্তে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের চেয়ারটি খালি। সেই পদে জিনেদিন জিদানকে পেতে আগ্রহ প্রকাশ করেছে ইংলিশ ক্লাবটি। যদিও রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ তাতে সাড়া দেননি বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন তার কাছের এক সূত্র।
প্রিমিয়ার লিগে শনিবার ওয়াটফোর্ডের কাছে ১-৪ গোলে হারের পর সোলশারকে বরখাস্ত করে ম্যানইউ। দলটি এ মহূর্তে রয়েছে টেবিলের সাত নম্বরে। ধারাবাহিক ব্যর্থতায় চাকরি গেল নরওয়েজিয়ান কোচের। স্থায়ী কোচ নিয়োগ দেয়ার আগ পর্যন্ত অস্থায়ী ভিত্তিতে দায়িত্ব পালন করবেন মাইকেল ক্যারিক।
এ বছর মে মাসে রিয়াল মাদ্রিদে নিজের দ্বিতীয় অধ্যায় শেষ করেন জিদান। ২০১৬ সালে প্রথম অধ্যায় শুরুর পর টানা তিন মৌসুমে রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এনে দিয়েছেন তিনি। ২০১৮ সালে বিদায় নেয়ার এক বছর পর আবার ফিরে এসে রিয়ালকে জিতিয়েছেন একটি লা লিগা ও একটি স্প্যানিশ সুপার কাপ শিরোপা।
একই সূত্র বিবিসিকে বলেছেন, বর্তমানে ‘কর্মহীন’ জিদান এ মুহূর্তে ম্যানইউর দায়িত্ব নিতে আগ্রহী নন।
গুঞ্জন রয়েছে, ফ্রান্স জাতীয় দল ও প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কোচ হওয়ার কথা ভাবছেন তিনি এবং এজন্য অপেক্ষা করতেও রাজি তিনি। যদিও মাউরিসিও পচেত্তিনোর প্রতি এ মুহূর্তে পুরো আস্থা রয়েছে পিএসজির এবং তাকে সরিয়ে জিদানকে দায়িত্ব দেয়ার কোনো পরিকল্পনাও করছে না।
আবার
পচেত্তিনোর প্রতি পুরনো ভালো লাগা রয়েছে ম্যানইউর। টটেনহামে থাকতেই তাকে চেয়েছিল
রেড ডেভিলরা। এবার সুযোগটি কাজে লাগাতে চাইতে পারে ম্যানচেস্টার জায়ান্টরা। তাই
ওল্ড ট্র্যাফোর্ড ও পার্ক দেস প্রিন্সেসের মসনদে কে বসেন তা দেখতে চলতি মৌসুমের
শেষ অবধি অপেক্ষা করতে হবে।










