ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের তারকা ও রিয়াল মাদ্রিদকে তিন তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতানো কোচ জিনেদিন জিদান আগামী মৌসুমে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের কোচ হচ্ছেন বলে জোর গুঞ্জন রয়েছে। যদিও ইএসপিএন বলছে, বাভারিয়ান ক্লাবটির পক্ষ থেকে এখনো জিদানের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি।
গত বছর মার্চে হুলিয়ান নাগেলসম্যানকে বরখাস্ত করে বায়ার্ন মিউনিখ। সেই নাগেলসম্যান পরবর্তী সময়ে দায়িত্ব পান জার্মানি জাতীয় দলের। সম্প্রতি নাগেলসম্যানের সঙ্গে ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়ন করেছে জার্মান ফুটবল ফেডারেশন। এতে বায়ার্ন মিউনিখে তার ফেরার গুঞ্জনের অবসান ঘটেছে। এর পরই জিদানের নাম উঠে আসছে।
জিদানের অধীনে ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে টানা তিন মৌসুম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করে ইতিহাস গড়ে রিয়াল মাদ্রিদ।
আধুনিক ফুটবলে অন্য কোনো দল টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি। যদিও ২০২১ সালের গ্রীষ্ম থেকে তিনি কোচিং থেকে দূরে আছেন।










