ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের পর তৃতীয় দল হিসেবে একাদশ বিপিএলের প্লে-অফে নাম লেখাল চট্টগ্রাম কিংস। আজ সিলেট স্ট্রাইকার্সকে গুঁড়িয়ে দেয় চট্টগ্রামের দলটি। আগে ব্যাটিং করে মোহাম্মদ মিঠুনের দল ৮ উইকেটে ১৯৬ রান তোলে। জবাব দিতে নেমে শরিফুল ইসলাম ও খালেদ আহমেদের পেস তোপে বিধ্বস্ত হয় সিলেট। উভয়ই নেন ৪টি করে উইকেট। ৫ রানে ৪ উইকেট নিয়ে শরিফুল ইসলাম হয়েছেন ম্যাচসেরা।

এই জয়ে ১১ ম্যাচে চট্টগ্রাম কিংসের পয়েন্ট এখন ১৪। ফলে দুর্বার রাজশাহী (১২ ম্যাচে ১২) কিংবা খুলনা টাইগার্সের (১১ ম্যাচে ১০) পক্ষে চট্টগ্রামকে ধরা আর সম্ভব নয়। শনিবার ঢাকা ক্যাপিটালকে হারাতে পারলে চতুর্থ দল হিসেবে প্লে-অফে যাবে খুলনা। আর তারা যদি হেরে যায় সেক্ষেত্রে এই আসরের আলোচিত-বিতর্কিত দল রাজশাহী উঠবে প্লে-অফে।