বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শেষ সাত ম্যাচে থাকবে পূর্ণাঙ্গ ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। টুর্নামেন্টের মাঝপথে এসে এ খবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেমিফাইনাল, ফাইনালসহ সবশেষ ৭ ম্যাচে থাকবে ডিআরএস।

আজ বুধবার মিরপুরে সংবাদমাধ্যমকে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, আমরা চেষ্টা করছি শুধু আফগানিস্তান ও আমাদের বিপিএলের শেষের অংশে যে ম্যাচগুলো হবে সেখানেও ডিআরএসকে ইন্ট্রোডিউস করা যায় কি না। তিনি বলেন, প্রক্রিয়াটি এরই মধ্যে শুরু করা হয়েছে। আমাদের চেষ্টা থাকবে বিপিএলে শেষ যে ম্যাচগুলো হবে ঢাকাতে এবং আফগানিস্তান সিরিজে ডিআরএসটাকে নিশ্চিত করা।

বিপিএল শুরু হয় ঢাকা পর্ব দিয়ে। যেখানে আট ম্যাচে কোনো ডিআরএস ছিল না। এরপর চট্টগ্রাম পর্বে স্লো-মোশন ক্যামেরার মাধ্যমে এডিআরএস প্রক্রিয়ায় খেলা পরিচালনা করে বিসিবি। এ নিয়ে আরো বেশি সমালোচিত হতে হয় বোর্ডকে। এবার ঢাকা পর্বে চার ম্যাচ শেষে সিলেট পর্বে যাবে বিপিএল। সেখান থেকে ঢাকা ফিরলে পূর্ণাঙ্গ ডিআরএস পাওয়া যাবে।

এদিকে নভেল করোনাভাইরাসের ঊর্ধ্বগতির কারণে বিপিএলে দর্শক প্রবেশের অনুমিত নেই। আফগান সিরিজে দর্শক ফেরার ব্যাপারে সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে বিসিবি। 

নিজামউদ্দিন বলেন, আফগানিস্তান সিরিজে দর্শকের ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমরা এ ব্যাপারে সরকারের যে গাইডলাইন সেটা আমরা ফলো করব।