ফুটবলটা তরুণদের খেলা হলেও এ মুহূর্তে ইউরোপের প্রতিযোগিতাগুলোয় তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে লড়ছেন ত্রিশোর্ধ্ব, এমনকি চল্লিশের কাছাকাছি বয়সের খেলোয়াড়রা। এসব খেলোয়াড়ের পারফরম্যান্সে মুগ্ধ আর্সেনালের সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গার।

গত বুধবার সেমিফাইনালের দ্বিতীয় লেগে ম্যানসিটিকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। এ নিয়ে টানা তিন রাউন্ডে অনবদ্য কামব্যাকে জয় তুলে নেয় রিয়াল এবং প্রতিটিতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ৩৪ বছর বয়সী করিম বেনজেমা। ৪৩ গোল করে এবার ব্যালন ডি’অর পুরস্কারের সবচেয়ে ফেভারিট তিনি। ত্রিশের পর বেনজেমার আমূল পরিবর্তনে মুগ্ধ ওয়েঙ্গার।

সম্প্রতি তিনি বেইন স্পোর্টসকে বলেছেন, ইউরোপজুড়ে চিত্তাকর্ষক একটি বিষয় আমরা দেখছি: বয়স্ক স্ট্রাইকাররা সবচেয়ে বেশি কার্যকর। রবার্ট লেভানডভস্কি, বেনজেমা ও জ্লাতান ইব্রাহিমোভিচ, তারা ৩৫ থেকে ৪০ গোল করছে। ইউরোপের সেরা স্ট্রাইকাররা সবাই ত্রিশ বছরের বেশি বয়সী। তারা প্রতিপক্ষের প্রতিটি ভুলের সুযোগ নিচ্ছে।

ওয়েঙ্গার মনে করেন ওজন কমানোর কারণেই ত্রিশের পরে ধার বেড়েছে বেনজেমার। স্বদেশী খেলোয়াড়কে নিয়ে তিনি বলেন, আমি বলব, ত্রিশ পর্যন্ত তার দুই-তিন কিলো ওজন বেশি ছিল। এখন সে সত্যিকারের এক অ্যাথলিট এবং এখন নিশ্চিতভাবেই বিশ্বের দুই কিংবা তিনজন সেরা স্ট্রাইকারের একজন।

চলতি মৌসুমে স্প্যানিশ লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ দুটিতেই সর্বোচ্চ গোলদাতা বেনজেমা। ওয়েঙ্গার বললেন, আসলে বুদ্ধিমত্তা আর দক্ষতার অপূর্ব মিশেলেই তার এমন প্রদর্শনী। সে যা-ই করে না কেন তা বুদ্ধিদীপ্তভাবেই করে এবং মনে হয় খুব স্বাভাবিকভাবেই করে। তার খেলা দেখলে মনে হয়, আমিও যেন তার মতো পারব। আসলে সে খেলার ছন্দটা যত দ্রুত ধরতে পারে, অন্যরা পারে না।

রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিও নিজের মুখে স্বীকার করেছেন যে তার দল বেনজেমার ওপর নির্ভর করে। ইতালিয়ান কোচ বলেন, আমরা বেনজেমার ওপর নির্ভরশীল। এটা এমনই এক বিষয়, যা আমরা অস্বীকার করতে পারি না। আর করিমের ওপর নির্ভর করতে পেরেও আমরা খুব খুশি। এটা বাস্তবতা, আমাদের ভালো লাগে। করিম একজন আধুনিক স্ট্রাইকার এবং যা তার মধ্যে থাকা লাগে তার সবই আছে। সবকিছু, এমনকি রক্ষণাত্মক গুণও। আজকের এ যুগে একজন আদর্শ সেন্টার ফরোয়ার্ডের অনুপম প্রদর্শনী সে।

বুন্দেসলিগায় ৩৪ গোল করে সবার শীর্ষে ৩৩ বছর বয়সী স্ট্রাইকার লেভানডভস্কি। তার দল এরই মধ্যে টানা দশম শিরোপা নিশ্চিত করেছে। টানা তিন মৌসুমে তিনি ত্রিশের বেশি গোল করার কৃতিত্ব দেখালেন। মার্কা, ইএসপিএন