অস্ট্রেলিয়ান ওপেনে টানা তিনবার শিরোপা জয়ের সম্ভাবনা জাগালেন আরিনা সাবালেঙ্কা। ২৬ বছর বয়সী বেলারুশিয়ান তারকা আজ মঙ্গলবার রাশিয়ার আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাবে ৬-২, ২-৬, ৬-৩ গেমে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন।

কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছিলেন সাবালেঙ্কা। দ্বিতীয় সেট জিতে সমতা ফেরান পাভলিউচেঙ্কোভা। এরপর তৃতীয় সেটের শুরুর দিকেও সাবালেঙ্কার সার্ভিস ব্রেক করেন তিনি। যদিও তৃতীয় সেটে ধীরে ধীরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সমর্থ হন সাবালেঙ্কা এবং শেষ পর্যন্ত তিনিই জিতেছেন।

মার্টিনা হিঙ্গিসের পর প্রথম নারী হিসেবে টানা তিনবার অস্ট্রেলিয়ান ওপেন জয়ের আশা জাগিয়েছেন সাবালেঙ্কা। আজ থেকে ২৬ বছর আগে এই কীর্তি গড়েছিলেন সুইস গ্রেট হিঙ্গিস। এবার সেই কীর্তি ছোঁয়ার সুযোগ রয়েছে বেলারুশিয়ান তারকা সাবালেঙ্কার সামনে।

জয় শেষে সাবালেঙ্কা বলেছেন, ‘আমি মনে করি টুর্নামেন্টের শেষ দিকে এমন কঠিন লড়াই নিজের জন্যই ভালো। আমি তো সরাসরি সেটেই জিততে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত জিতে খুশি।’

২০২৩ সালের ফাইনালের পর এই প্রথম অস্ট্রেলিয়ান ওপেনে কোনো সেট হারলেন সাবালেঙ্কা। ২০২৩ সালে এলিনা রিবাকিনার সঙ্গে একটি সেট হারের পর শেষ পর্যন্ত জিতে প্রথমবার গ্র্যান্ডস্লাম শিরোপায় হাত রেখেছিলেন তিনি।

শেষ চারে স্পেনের পলা বাদোসার মুখোমুখি হবে সাবালেঙ্কা। আজ আরেক কোয়ার্টার ফাইনালে যুক্তরাষ্ট্রের কোনো গাফকে ৭-৫, ৬-৪ গেমে হারিয়েছেন বাদোসা। ‘বন্ধু’ বাদোসার মুখোমুখি হতে সাবালেঙ্কার নাকি তর সইছে না!

পিঠের চোটের কারণে র‍্যাংকিংয়ের ১৪০ নম্বরে নেমে যাওয়া বাদোসা সেমিফাইনালে উঠে ভীষণ উচ্ছ্বসিত। তিনি বলেছেন, ‘আমি খুবই আবেগাপ্লুত। কঠিন সময় গেছে। অতীতে আমি সেরাদের মধ্যে ছিলাম, কিন্তু এখন আমি ভালো খেলোয়াড় হয়ে উঠেছি।’

ছেলেদের এককে সেমিফাইনালে উঠেছেন জার্মানির আলেক্সান্ডার জেরেভে। তিনি ৭-৬, ৭-৬, ২-৬, ৬-১ গেমে হারান যুক্তরাষ্ট্রের টমি পলকে। আরেক কোয়ার্টার ফাইনালে লড়ছেন কার্লোস আলকারাজ ও নোভাক জোকোভিচ।