আসন্ন অ্যাশেজ সিরিজের প্রথম দুই টেস্টের জন্য অস্ট্রেলিয়া দলে জায়গা করে নিয়েছেন অ্যালেক্স ক্যারি। সাবেক টেস্ট অধিনায়ক টিম পেইন অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে সরে যাওয়ায় উইকেটকিপার হিসেবে ক্যারির ওপর আস্থা রাখছে অজিরা। অস্ট্রেলিয়ার ৩৪তম উইকেটকিপার হিসেবে টেস্টে অভিষেক হবে তার। আজ সে ঘোষণা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ক্রিকেট শেফিল্ড শিল্ডে বাজে পারফরম্যান্স কারণে ক্যারির জাতীয় দলে অভিষেক হওয়া ছিল অনিশ্চিত। টুর্নামেন্টজুড়ে আট ইনিংস খেলে তার ব্যাট থেকে এসেছে মাত্র একটি অর্ধশতক। যেখানে ব্যাটিং গড় ছিল ২১.৮৫। তবে মাঠের বাইরের অনাকাঙ্ক্ষিত ঘটনায় পেইনের বিদায়ের পর আকস্মিকই ভাগ্য খুলে যায় ক্যারির।
প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পেয়ে উচ্ছ্বসিত ক্যারি বলেন, এই সুযোগটির জন্য আমি অনেক বেশি সম্মানিত। আমার মনোযোগ এখন প্রস্তুতিতে এবং অস্ট্রেলিয়াকে অ্যাশেজ ধরে রাখায় সহায়তা করার দিকে।
আগামী ৮ ডিসেম্বর ব্রিজবেনের গ্যাবায় মাঠে গড়াবে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টে অ্যাডিলেড ওভালে ১৬ ডিসেম্বর মাঠে নামবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। এই দুই টেস্টের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার পরিবর্তিত দলে অভিষেক ম্যাচে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন অ্যালেক্স ক্যারিসহ মাইকেল নেসার ও মিচেল সোয়েপসন।
অ্যাশেজের জন্য অস্ট্রেলিয়ার টেস্ট দল:
প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ (সহঅধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), জস হ্যাজেলউড, মার্কাস হ্যারিস, ট্রাভিস হেড, মাইকেল নেসার, মিচেল সোয়েপসন, মারনাস লাবুশানে, নাথান লায়ন, ঝাই রিচার্ডসন, মিচেল স্টার্ক।










