পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ ২-০ হেরে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর দিনে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
আজ সোমবার দুপুর ২টায় হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। ম্যাচটিতে হারলে যোগ হবে হোয়াইটওয়াশের লজ্জা।
তিন পরিবর্তন নিয়ে আজ মাঠে নামছে টাইগার দল। বাংলাদেশ দলে যুক্ত হয়েছেন শামীম পাটোয়ারি, নাসুম আহমেদ ও শহিদুল ইসলাম। বাদ পড়েছেন সাইফ হাসান, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। পাকিস্তানও স্কোয়াডে তিন পরিবর্তন এনেছে। শেষ ম্যাচ না খেলে ফিরে যাচ্ছেন শোয়েব মালিক। বাদ পড়েছেন শাদাব খান ও শাহীন শাহ আফ্রিদি।
বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, শামীম পাটোয়ারি, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, তাসকিন আহমেদ, শহিদুল ইসলাম ও নাসুম আহমেদ।
এর আগে টি-টোয়েন্টি সংস্করণে ১৪ বার মুখোমুখি হয়েছে দু’দল। যেখানে বাংলাদেশ জিতেছে মাত্র ২টি ম্যাচে, ১২ ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। মিরপুরে পাঁচ বারের দেখায় বাংলাদেশ ঘরের মাঠে জিতেছে দুই ম্যাচে। অতিথিরা পেয়েছে তিন জয়।










