বিশ্বকাপের
সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ার ধাক্কায় এলোমেলো পাকিস্তান ক্রিকেট। বড় পরিবর্তন
এসেছে দলের নেতৃত্ব ও কোচিং স্টাফে। অধিনায়ক বাবর আজম পদত্যাগ করেছেন। তার জায়গায়
টি২০ দলে শাহিন শাহ আফ্রিদি ও টেস্ট দলে শান মাসুদ নেতৃত্ব পেয়েছেন। আগামী
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে বদলে যাওয়া এই দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন
করবেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজ। মিকি আর্থারের জায়গায় তিনি এখন থেকে
পাকিস্তানের টিম ডিরেক্টরও। এছাড়া প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন সাবেক পেস
বোলার ওয়াহাব রিয়াজ।
বৃহস্পতিবার
হাফিজকে কোচ হিসেবে ঘোষণা দেয়ার একদিন পর আজ শুক্রবার প্রধান নির্বাচকের নামও
জানাল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নির্বাচক প্যানেলের হেড করা হয়েছে সাবেক
পেস বোলার ওয়াহাব রিয়াজকে। তিনি ইনজামাম-উল-হকের জায়গা নেবেন। স্বার্থের সংঘাতজনিত
কারণে গত ৩০ অক্টোবর পদত্যাগ করেন ইনজামাম।
৩৮
বছর বয়সী ওয়াহাবকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান সুপার লিগে তার দল পেশোয়ার জালমি।
এখনো আনুষ্ঠানিকভাবে পিএসএল থেকে অবসর নেননি তিনি। গত মৌসুমে তিনি খেলেছেন বাবর
আজমের নেতৃত্ব। এবার তিনি বাবর আজমদের নির্বাচক!
৪৩
বছর বয়সী সাবেক অলরাউন্ডার হাফিজের জন্য এটি বড় এক চমকই। কেননা তিনি খেলা ছেড়েছেন
দুই বছরও হয়নি, আর কোচিংয়ের কোনো অভিজ্ঞতাও নেই। এমন একজনকে বসানো হলো পাকিস্তানের
হেড কোচের পদে। পাকিস্তানের হয়ে ৫৫টি টেস্ট, ২১৮টি ওয়ানডে ও ১১৯টি টি২০ ম্যাচ
খেলেছেন হাফিজ। ২০২২ সালের জানুয়ারিতে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন।
আগামী
মাসে অস্ট্রেলিয়ায় তিনটি টেস্ট খেলবে পাকিস্তান। পরের মাসে নিউজিল্যান্ড সফরে তারা
খেলবে পাঁচটি টি২০ ম্যাচ। ৩০ নভেম্বর অস্ট্রেলিয়া সফরে যাবে পাকিস্তান দল। মানুকা
ওভালে ৬ থেকে ৯ ডিসেম্বর প্রাইম মিনিস্টার্স একাদশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে
পাকিস্তান দল। ১৪ ডিসেম্বর পার্থে শুরু হবে প্রথম টেস্ট।










