চলতি মৌসুমে টটেনহ্যাম ছেড়ে জার্মান বুন্দেসলিগার দল বায়ার্ন মিউনিখে নাম লেখান হ্যারি কেন। জার্মানিতে গিয়ে অনবদ্য পারফর্ম করে চলেছেন ইংল্যান্ড জাতীয় দলের অধিনায়ক। টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করার পর আজ শনিবার হিদেনহেইমের বিপক্ষে করেন জোড়া গোল। তার দল জিতেছে ৪-২ গোলের ব্যবধানে। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে বাভারিয়ানরা। যদিও রোববার ইউনিয়ন বার্লিনকে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করতে পারে লেভারকুসেন।

ম্যাচের ১৪ মিনিটে প্রথম গোল করে বায়ার্নকে এগিয়ে দেন কেন। ম্যানসিটির সাবেক খেলোয়াড় লেরয় সানের পাস থেকে গোলটি করেন তিনি। ৪৪ মিনিটে আবারো সেই সানের পাস থেকে গোল করেন হ্যারি কেন (২-০)।  

হিদেনহেইম ৬৭ ও ৭০ মিনিটে পরপর দুই গোল করে ম্যাচে সমতা আনে। অবশ্য বাভারিয়ানরা চাপকে জয় করে রাফায়েল গেরেইরোর গোলে ৭২ মিনিটে আবার লিড নেয়। এরিক চুপো-মোটিং ৮৫ মিনিটে বায়ার্নের জয় নিশ্চিত করেন।

বায়ার্নের হয়ে ১১ ম্যাচে ১৭ গোল করে নতুন রেকর্ড গড়লেন কেন। ২০১৯ সালে ১১ ম্যাচে ১৬ গোল করে আগের রেকর্ডটি ছিল রবার্ট লেভানডভস্কির। এ নিয়ে টানা ১০ মৌসুম ন্যূনতম ২০টি লিগ গোল করলেন কেন।