চলতি বছর অক্টোবরে
বাংলাদেশে বসছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। তার ঠিক পাঁচ মাস আগে পাঁচ ম্যাচের
টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল সফরকারী ভারত। সিলেটে আজ পঞ্চম ও শেষ
ম্যাচে ২১ রানে জিতেছে অতিথি দলটি। ফলে, ৫-০তে সিরিজ জয় করে নিল হারমানপ্রিত কাউরের
দল।
গত বছর ওয়ানডে
ও টি-টোয়েন্টি সিরিজে ভারতের সঙ্গে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশ। টি-টোয়েন্টি
সিরিজ জিতে নেয়ার পর ওয়ানডে সিরিজ ড্র করে নিগার সুলতানার দল। কিন্তু এক বছরেরও কম
সময়ের ব্যবধানে সেই দলের কাছে অসহায় আত্মসমর্পণ করল লাল-সবুজরা।
পুরো সিরিজে
ব্যাটিং ব্যর্থতায় হেরেছে বাংলাদেশ। আজ শেষ ম্যাচে ব্যাটিংয়ে খানিকটা উন্নতি করলেও
জয়ের নাগাল আর পাওয়া হলো না। আগে ব্যাট করে ৫ উইকেটে ১৫৬ রান তোলে ভারত। জবাব দিতে
নেমে ৫২ রানে ৫ উইকেট হারিয়ে অন্য ম্যাচগুলোর মতোই বিপর্যস্ত হয়ে পড়ে নিগার বাহিনী।
যদিও সেখান থেকে রিতু মনি, শরিফা খাতুন ও রাবেয়া খানের লড়াই দলকে ১৩৫ রানের সম্মানজনক
অবস্থানে নিয়ে যায়।
হার শেষে বাংলাদেশ
দলনায়ক নিগার বলেন, ‘এই সিরিজে আমাদের কঠিন সময় গেছে। তবে আজ ব্যাটারদের দৃষ্টিভঙ্গি
ভিন্ন ছিল। ব্যাটিং এমন একটি বিভাগ যা নিয়ে আমাদের কাজ করতে হবে। ব্যাটিংয়ের অ্যাপ্রোচ
নিয়ে আমাদের কাজ করতে হবে। দেখুন, ব্যাটাররা সেট হওয়ার পর আউট হয়ে যাচ্ছে। রাবেয়া ও
নাহিদা দুজনই ভালো করেছে, টুর্নামেন্টজুড়ে ভালো করেছে মারুফা। আজ রিতু মনি দারুণ পারফর্ম
করেছে।’
অক্টোবরে বাংলাদেশে
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসছে ভারত। তার আগে এই পারফরম্যান্সে খুশি ভারতীয় দলনায়ক
কাউর। তিনি বলেন, ‘এই সিরিজে খেলোয়াড়দের সবার মধ্যে স্থিরতা দেখেছি, বিশ্বকাপের আগে
যেমনটি আমি চেয়েছি। এই সিরিজ আর কন্ডিশন বিশ্বকাপে আমাদের সাহায্য করবে। আশাকরি, বিশ্বকাপে
আমরা ভালো ক্রিকেট খেলব।’
সংক্ষিপ্ত
স্কোর
ভারত: ২০ ওভারে
১৫৬/৫ (হেমলতা ৩৭, মান্ধানা ৩৩, কাউর ৩০, রিচা ২৮; নাহিদা ২/২৭, রাবেয়া ২/২৮)। বাংলাদেশ:
২০ ওভারে ১৩৫/৬ (রিতু মনি ৩৭, শরিফা ২৮*, রুবাইয়া ২০; রাধা ৩/২৪, আশা সোভানা ২/২৫)।
ফল: ভারত ২১ রানে জয়ী। সিরিজ: ভারত ৫-০তে জয়ী। ম্যাচসেরা ও সিরিজসেরা: রাধা যাদব (ভারত)।










