ফিফা বিশ্বকাপের ফাইনালে আজ ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। নান্দনিক ফুটবল জাদুতে কাতার বিশ্বকাপের পুরোটা আসরজুড়ে চমক দেখিয়েছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। ফাইনালে দুই দলের প্রাণভোমরার দিকেই নজর থাকবে দর্শক-সমর্থকদের। তাদের কেউ একজন এ ফাইনাল জিতে সমর্থকদের কাছে অমর হয়ে থাকবেন। আজকের ফাইনাল সামনে রেখে বিবিসি স্পোর্ট ছয়জন কিংবদন্তি খেলোয়াড়কে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে, যারা অতীতে তাদের দেশকে বিশ্বকাপের সাফল্য এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

পেলে, ব্রাজিল-১৯৫৮

১৯৫৮ সালের কথা। ব্রাজিলের জার্সিতে সতেরো বছর বয়সী তরুণ পেলে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যান। উত্থান হয় সর্বকালের সেরা ফুটবলারের। সুইডেন বিশ্বকাপে ছয় গোল করে পেলে হন উদীয়মান সেরা ফুটবলার। এরপরে ১৯৬২ সালে ও ১৯৭০ সালেও বিশ্বকাপ জয় করেন ব্রাজিলের ‘কালো মানিক’।

মারিও কেম্পেস, আর্জেন্টিনা-১৯৭৮

আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ের নায়ক মারিও কেম্পেস। তার কৃতিত্বে আর্জেন্টিনা ফাইনালে উঠে। নেদারল্যান্ডসের বিপক্ষে ফাইনালে ৩-১ গোলের জয়ে শিতনি করেন দুটি। টুর্নামেন্টের শীর্ষ গোলদাতা ও সেরা খেলোয়াড় হন কেম্পেস।

পাওলো রোসি, ইতালি-১৯৮২

ইতালির ১৯৮২ বিশ্বকাপ জয়ের নায়ক পাওলো রোসি। জুভেন্টাস ও এসি মিলানের সাবেক এই স্ট্রাইকার ১৯৮২ সালে স্পেন বিশ্বকাপ আসরে ইতালিকে প্রায় একাই চ্যাম্পিয়ন করেন। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে টুর্নামেন্টে ৬টি গোল করে গোল্ডেন বুট জিতে নিয়েছিলেন রোসি।

দিয়েগো ম্যারাডোনা, আর্জেন্টিনা-১৯৮৬

ম্যারাডোনা ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে দ্বিতীয় বিশ্বকাপ মুকুট এনে দেন। তার গোলে গ্রুপে পর্বে ইতালির বিপক্ষে জয় পায় আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারাতে জোড়া গোল করেন। প্রথম গোলটি এখনো পরিচিত ‘হ্যান্ড অব গড’ নামে। সেমিফাইনালে বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলের জয়েও জোড়া গোল করেন। জার্মানির বিপক্ষে ৩-২ গোলে ফাইনাল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাঁচটি গোল ও পাঁচটি অ্যাসিস্ট নিয়ে ম্যারাডোনা ওই আসরের সেরা খেলোয়াড়ক তিনি।

জিনেদিন জিদান, ফ্রান্স-১৯৯৮

জিনেদিন জিদান ১৯৯৮ বিশ্বকাপে ফ্রান্সের পোস্টার বয়। টুর্নামেন্টের প্রথম গোলের সহায়তা করে দুর্দান্ত শুরু তার। জিদান সৌদি আরবের বিপক্ষের ম্যাচে ৪-০ গোলের জয়ে বড় ভূমিকা রাখেন। কোয়ার্টার ফাইনালে পেনাল্টি শুটআউটে গোল করে ইতালিকে বিদায় জানান। ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিতে দেশকে জিততে সাহায্য করেন। ফাইনালে ব্রাজিলকে ৩-০ গোলে হারানোর পথে তিনি করেন জোড়া গোল।

রোনালদো, ব্রাজিল-২০০২

ব্রাজিল ফুটবলের অন্যতম কিংবদন্তি খেলোয়াড়ের নাম রোনালদো। ২০০২ সালে দক্ষিণ কোরিয়া ও জাপানে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে জার্মানির বিপক্ষে ২-০ গোলের দুটোই করেন ব্রাজিল সুপারস্টার। সব মিলিয়ে সাত ম্যাচে আটটি গোল করেন তিনি।