দুবাইয়ে ১২তম অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। শুক্রবার বৃষ্টিবিঘ্নিত সেমিফাইনালে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে পাকিস্তান। একই দিন আরেক সেমিতে শ্রীলংকাকে একই ব্যবধানে হারায় ভারত। আজ শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়।
ভারত নবম ও পাকিস্তান দ্বিতীয় শিরোপার খোঁজে নামছে আজ। এখন পর্যন্ত ১১ আসরের মধ্যে আটবারই শিরোপা জিতেছে ভারত। পাকিস্তান শিরোপা জিতেছে একবার। ২০১২ সালে ভারতের সঙ্গে শিরোপা ভাগাভাগি করে তারা। এর বাইরে বাংলাদেশ দুবার ও আফগানিস্তান একবার শিরোপা জিতেছে। বাংলাদেশ বর্তমান চ্যাম্পিয়ন। গত বছর আরব আমিরাতে অনুষ্ঠিত আসরের ফাইনালে ভারতকে হারিয়ে দেয় আজিজুল হাকিমের দল। এবার আজিজুলের নেতৃত্বে বাংলাদেশ দল থেমে যায় সেমিফাইনালে। শুক্রবার দুটি সেমিফাইনালেই বৃষ্টি হানা দেয়। দীর্ঘ সময় পর বাংলাদেশ ও পাকিস্তানের সেমিফাইনাল শুরু হলে কার্টেল ওভারের (২৭ ওভার) ম্যাচ করা হয়। টস জিতে ব্যাটিং বেছে নেয়া লাল-সবুজরা সুবিধা করতে পারেনি মোটেও। ২৬.৩ ওভারে ১২১ রান করে অলআউট হয়ে যায় আজিজুল হাকিমের দল। সামিউন বাশির ৩৩ ও আজিজুল হাকিম ২০ রান করেন। আব্দুল সুবহান ২০ রানে ৪ উইকেট নেন। জবাবে সামির মিনহাসের ঝড়ো ফিফটিতে (৫৭ বলে ৬৯*) সহজ জয় পায় পাকিস্তান। তারা জিতেছে ৬৩ বল ও ৮ উইকেট হাতে রেখে।
ভারত ও শ্রীলংকার ম্যাচটি কমিয়ে আনা হয় ২০ ওভারে। লংকানরা ৮ উইকেটে ১৩৮ রান তুলতে সমর্থ হয়। ভারত ১৮ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। বিহান মালহোত্রা ৪৫ বলে ৬১ ও অ্যারন জর্জ ৪৯ বলে ৫৮ রান করেন।
এ বছর বড়দের এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান, যে ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দেয় সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত। এবার ছোটদের ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপেও ফাইনাল দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে। এরই মধ্যে গ্রুপ পর্বে পাকিস্তানকে ৯০ রানে হারিয়েছে ভারত।
মালয়েশিয়ায় ২০১২ সালের ফাইনালে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। আগে ব্যাটিং করে ৯ উইকেটে ২৮২ রান তোলে ভারত। পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ঠিক ২৮২ রান তুললে ম্যাচ ‘টাই’ হয়ে যায়। সুপার ওভার না থাকায় দুই দল শিরোপা ভাগাভাগি করে।
২০১৪ সালের জানুয়ারিতে শারজাহ ফাইনালে ভারতের কাছে ৪০ রানে হেরে যায় পাকিস্তান।
২০১৭ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসরে পাকিস্তান পড়ে বড় লজ্জায়। সেবার ফাইনালে আফগানিস্তানের ছুড়ে দেয়া ২৪৮ রান তাড়া করতে নেমে ৬৩ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ওই ম্যাচে ছিলেন পাকিস্তানের বর্তমান ওয়ানডে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। আর আফগানদের দলে ছিলেন রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিদ জাদরান, মুজিব উর রহমান—যারা এখন জাতীয় দলের তারকা। আজ ভারত ও পাকিস্তানের আগামী তারকাদের শ্রেষ্ঠত্বের লড়াই হবে দুবাইয়ে।










